২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধা, নওগাঁ ও ফরিদপুরে বন্যা পরিস্থিতির অবনতি

গাইবান্ধা, নওগাঁ এবং ফরিদপুরে নদীর পানি বৃদ্ধি পেয়ে এবং বাঁধ ভেঙে নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে।

জেলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2013, 03:12 PM

Updated : 13 Oct 2022, 02:53 PM

শুক্রবার গাইবান্ধায় ব্রহ্মপুত্র এবং নওগাঁর আত্রাই নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফরিদুপরে পদ্মার পানি বাড়লেও তা বিপদসীমার নিচে রয়েছে।

গাইবান্ধার জেলা প্রশাসক কাজী আনোয়ারুল হক বলেন, বন্যায় ১৯টি ইউনিয়নের ৫ হাজার ১২০টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব এলাকার ১০টি শিক্ষা প্রতিষ্ঠান এবং প্রায় ৩০ কিলোমিটার সড়কেরও ক্ষতি হয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রেজাউল মোস্তফা মো. আসাফুদ্দৌলা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ২৪ ঘণ্টায় তিস্তামুখঘাট পয়েন্টে ব্রহ্মপুত্রের পানি ১০ সেন্টিমিটার বেড়ে শুক্রবার বিপদসীমার ২৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এছাড়াও তিস্তা নদীর পানি ৫ সেন্টিমিটার ঘাঘটের পানি ৯ সেন্টিমিটার ও করতোয়ার পানি ৪৬ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে।

জেলা প্রশাসক আরো জানিয়েছেন, ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া, ফুলছড়ি, এরেন্ডাবাড়ী, ফজলুপুর, উড়িয়া, গজারিয়া ও উদাখালী, সাঘাটার ভরতখালি, ঘুড়িদহ, জুমারবাড়ী, হলদিয়া ও সদর, সুন্দরগঞ্জের হরিপুর, কাপাসিয়া, বেলকা, তারাপুর ও চন্ডিপুর এবং সদর উপজেলার কামারজানী ও মোল্লারচর ইউনিয়ন প্লাবিত হয়েছে।

“ত্রাণ মন্ত্রণালয় ক্ষতিগ্রস্তদের মধ্যে বিতরণের জন্য ২০০ মেট্রিক টন চাল ও নগদ ৫ লাখ টাকা বরাদ্দ দিয়েছে। বরাদ্দকৃত চাল ও টাকা বিতরণের কাজ শুরু করা হয়েছে।”

নওগাঁর আত্রাইয়ের পানি বিপদসীমার ১০০ সেন্টিমিটার উপর দিযে প্রবাহিত হচ্ছে।

শুক্রবার সকালে মান্দা উপজেলার পাঁজরভাঙ্গা হাটের বেড়ীবাঁধ ভেঙ্গে শতাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।

উপজেলা নির্বাহী অফিসার কাওসার জাহান বলেন, আত্রাই ও ফকিরানী নদীর দুই তীরের বন্যা নিয়ন্ত্রণ ও বেড়ীবাঁধের গোয়ালমান্দা, চকহরিনারায়ন, পারনুরল্লাবাদ, বনকুড়া, কয়লাবাড়ি, পাঠাকাটা, পাঁজরভাঙ্গা বেড়ীবাঁধসহ অন্তত দশটি পয়েন্ট ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।

নদীর ঝুঁকিপূর্ণ স্থানগুলো তদারকির জন্য সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সদস্যদের নির্দেশ দেয়া হয়েছে বলেও জানান তিনি।

ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল মতিন বলেন, গত ২৪ ঘন্টায় গোয়ালন্দ পয়েন্টে পদ্মার পানি বেড়েছে ১৬ সেন্টিমিটার। তবে শুক্রবার পর‌্যন্ত তা বিপদসীমার ৩৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল।

ফরিদপুর সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আক্তারুজ্জামান জানিয়েছেন, গত ২৪ ঘন্টায় পদ্মা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় শুক্রবার পদ্মা সংলগ্ন সাদীপুর, গদাধরডাঙ্গি ও আলিয়াবাদ গ্রামের দুইশ’ পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।

ওই তিনটি গ্রামের পাঁচশ’ একর জমির আমন ও বিভিন্ন ধরনের সবজি পানিতে তলিয়ে গেছে বলেও জানয়েছেন তিনি।