রানা প্লাজা: ওয়েবসাইটে ক্ষতিপূরণের তথ্য প্রকাশের দাবি
রানা প্লাজা ধসের ঘটনায় নিখোঁজ, নিহত, আহত শ্রমিক পরিবারের সদস্যরা তাদের প্রাপ্য ক্ষতিপূরণ ও শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের জন্য সরকার ও মালিকপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।
এসব বিষয়ে পূর্ণ স্বচ্ছতা নিশ্চিত করতে কারখানা মালিক ও সরকারকে গণবিজ্ঞপ্তি জারি এবং একটি ওয়েবসাইট খুলে তথ্য প্রকাশেরও দাবি জানিয়েছেন তারা।
রানা প্লাজার শ্রমিক সংখ্যা ও তাদের প্রাপ্য ক্ষতিপূরণ, বকেয়া বেতন ও অন্যান্য অনুদান এবং কে কত টাকা পেয়েছেন আর কারা এ ক্ষতিপূরণ কি পরিমাণে দিয়েছেন সেসব তথ্যও এ ওয়েবসাইটে থাকতে হবে।
রানা প্লাজা গার্মেন্টস শ্রমিক ইউনিয়নের ব্যানারে বৃহস্পতিবার ছয় দফা দাবিতে বিজিএমইএ ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ করেন শ্রমিক ও তাদের স্বজনরা।
ইউনিয়নের সভাপতি এমদাদুল হক বলেন, রানা প্লাজায় আহত ও নিহত শ্রমিক পরিবারের সদস্যরা সরকার ও মালিকদের কাছ থেকে কিছু ক্ষতিপূরণ পেয়েছেন। তবে সবাই যেমন এখনো ক্ষতিপূরণ পাননি, তেমনি যারা পেয়েছেন তাদের কি বিবেচনা করে কত টাকা দেয়া হয়েছে তা স্পষ্ট করে কেউ বলছে না।
“এছাড়াও অনেক নিঁখোজ শ্রমিকের পরিবার তাদের প্রাপ্য ক্ষতিপূরণ থেকেও বঞ্চিত হচ্ছে।”
গত ২৪ এপ্রিল সাভারের রানা প্লাজা ধসে অন্তত ১১৩০ জনের মৃত্যু হয়; আহত হন আরো অন্তত দুই হাজার শ্রমিক।
ওই ঘটনায় বাম চোখ হারানো শ্রমিক নিলু সরকার বলেন, “আমাকে সরকার ও মালিকপক্ষ কোনো ধরনের সহযোগিতা করেনি। অনেক শ্রমিককে বায়াররা বিকাশ করে টাকা দিয়েছে। আমি তাও পাইনি।”
শ্রমিক হেলেনা বলেন, রানা প্লাজা ধসের ঘটনার পর সাভারের অধিকাংশ গার্মেন্টে নতুন করে লোক নিচ্ছে না। মালিকরাও প্রাপ্য বেতন সময়মতো পরিশোধ করছেন না।
এই অবস্থায় শ্রমিকরা পরিবার নিয়ে অসহায় জীবনযাপন করছেন বলে জানান তিনি।
সমাবেশস্থলে এসে সিপিবির সাবেক সভাপতি মনজুরুল আহসান খান বলেন, “দুঃখজনক ও লজ্জাজনক হলেও এটা সত্যি যে শ্রমিকদের প্রাপ্য বেতন ও বকেয়া নিয়ে দুর্নীতি হচ্ছে।”
ক্ষতিগ্রস্ত শ্রমিকদের সহায়তা দেয়ার ক্ষেত্রেও কোনো স্বচ্ছতা নেই বলে তিনি অভিযোগ করেন।
ক্ষতিগ্রস্ত প্রত্যেক শ্রমিক পরিবারের জন্য তাদের ব্যাংক হিসাবে ১০ লাখ টাকা করে জমা রাখার দাবি জানিয়ে মনজুরুল আহসান বলেন, ওই টাকা রাখা হলে লাভের টাকা দিয়ে পরিবারগুলো জীবন যাপন করতে পারবে।
রানা প্লাজা গার্মেন্টস শ্রমিক ইউনিয়নের ছয় দফা দাবির মধ্যে রয়েছে- ঈদের আগে সব শ্রমিকের বেতন, বোনাস ও ক্ষতিপূরণের টাকা বুঝিয়ে দেয়া; রানা প্লাজা ধসের জন্য দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি; যেসব শ্রমিকের পরিচয়পত্র কারখানা কর্তৃপক্ষ নিয়েছে, সেগুলো ফেরত দেয়া এবং পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি আট হাজার টাকা নির্ধারণ।
