চট্টগ্রামে দুর্ঘটনায় নিহত ২
চট্টগ্রামের সীতাকুণ্ড ও নগরীর হালিশহরে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন দুজন।
পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার সকালে সীতাকুণ্ড বাইপাস এলাকায় নিহত হন মোহাম্মদ আলমগীর (২২)। এর আগে বুধবার রাত ১০টার দিকে হালিশহরে মরা যান মোহাম্মদ মামুন (৩২)।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক আবুল বাশার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সীতাকুণ্ডের ওই এলাকায় প্রাইভেটকারের সঙ্গে একটি যাত্রীবাহী টেম্পুর সংঘর্ষ হয়।
এতে টেম্পুচালকের সহকারী আলমগীর গুরুতর আহত হন। হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার মোহাম্মদ জাহাঙ্গীরের ছেলে।
সেখানে ট্রাকের ধাক্কায় মারা যান মোটর সাইকেল আরোহী মামুন। তিনি আনোয়ারা উপজেলার বরুমছড়া গ্রামের আবদুস ছালামের ছেলে।
মোটর সাইকেলে মামুনের সঙ্গে থাকা জহিরুল ইসলাম আনু আহত হন। তিনি হাসপাতালে চিকিৎসাধীন।
