রাবিতে পুলিশ-ছাত্রদল সংঘর্ষ, আহত ১২
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও পুলিশের সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে পুলিশ পাঁচজনকে আটক করেছে।
মঙ্গলবার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কাজলা গেইটে এ সংঘর্ষে আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয় বলে পুলিশ জানিয়েছে।
আটকরা হলেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য রাজু আহমেদ, ফয়জুর রহমান ফয়েজ, ইহসান, আতিক ও রানা।
মতিহার থানার ওসি অসিত কুমার ঘোষ জানান, ছাত্রদলের ২০-২৫ জন নেতাকর্মী মোটরসাইকেল নিয়ে ক্যাম্পাসে শোডাউন করছিলেন। কাজলা গেইটে পৌঁছলে পুলিশ তাদের বাধা দেয়।
এ সময় তাদের সঙ্গে পুলিশের বাকবিতণ্ডা ও হাতাহাতি হয়। এক পর্যায়ে তারা ইট নিক্ষেপ শুরু করলে পুলিশ রাবার বুলেট ও কাঁদানে গ্যাস ছোঁড়ে।
তবে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায় আরাফাত রেজা আশিক বলেন, ছাত্রদলের কর্মীরা এমনিই ক্যাম্পাসে ঘোরাঘুরি করছিল। অতি উৎসাহী পুলিশ তাদের বাধা দিলে এ ঘটনা ঘটে।
এ বিষয়ে বিশ্ববিদ্যলয়ের প্রক্টর তারিকুল হাসান বলেন, বিশ্ববিদ্যালয় রাজনৈতিক কর্মকাণ্ডের উপর নিষেধাজ্ঞার পরও ছাত্রদল যে কাজটি করেছে তা আইন পরিপন্থী। ক্যাম্পাসের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ দায়িত্ব পালন করেছে।
