২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যমুনায় পুলিশ-ডাকাত গোলাগুলি: এক লাশ উদ্ধার

সিরাজগঞ্জের কাজিপুরে যমুনা নদীতে পুলিশের সঙ্গে গোলাগুলির দুদিন পর এক ‘ডাকাতের’ লাশ উদ্ধার হয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2013, 10:18 AM

Updated : 23 Aug 2022, 11:08 AM

রোববার বিকালে ডিগ্রিরচর এলাকায় মোশারফ হোসেন মক্কার লাশ পাওয়া যায়।

মোশারফ মেঘারঘাট এলাকার দেলবার সেখের ছেলে এবং ডাকাত দলের নৌকার মাঝি বলে পুলিশ জানিয়েছে।

এছাড়া শনিবার সন্ধ্যায় ওই ডাকাত দলের সদস্য ঘাটাইল উপজেলার রসুলপুর লালমাটির আমির আলীর ছেলে মিজানুর রহমানকে (৩২) পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে জনতা।

পুলিশ জানায়, ওই গোলাগুলির ঘটনায় ‘নিহত’ আরো কয়েকটি লাশ নদীতে ভাসতে দেখেছে বলে এলাকার লোকজন দাবি করলেও বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।

শুক্রবার সন্ধ্যায় কাজিপুরের দুর্গম চরাঞ্চল নিশ্চিন্তপুর ইউনিয়নের যমুনা নদীর লক্ষ্মীপুর এলাকায় পুলিশের সঙ্গে নৌ-ডাকাত দলের গোলাগুলি হয়। ওই সময় আহত অবস্থায় দুজনকে গ্রেপ্তার করে পুলিশ।

টাঙ্গাইলের ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ওবায়েদ জানান, স্থানীয়রা মোশারফ হোসেন মক্কার লাশ নদী থেকে তুলে আনেন। স্বজনরা তার লাশ সনাক্ত করার পর ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

তিনি আরো বলেন, এলাকার লোকজন গাবসারা ইউনিয়নের চরবিহারী গ্রামের আজগর আলীর ছেলে আব্দুল হাই (৪২), প্রয়াত মোনজার আলীর ছেলে আকবর আলী ও আলমের লাশ নদীতে ভাসতে দেখেছেন বলে জানালেও তাদের উদ্ধার করা যায়নি।

কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল জলিল জানান, গোলাগুলির সময় ডাকাত মিজানুর রহমান নৌকা থেকে লাফ দিয়ে সাঁতরে নদীতীরবর্তী একটি কাশবনে আশ্রয় নিয়েছিলেন। শনিবার সন্ধ্যায় স্থানীয়রা সেখান থেকে তাকে আটক করে।

সোমবার আদালতে হাজির করলে তাকে জেলহাজতে পাঠানো হয় বলে জানান তিনি।