২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাটিরাঙ্গায় অস্ত্রসহ পাহাড়ি ছাত্রনেতা গ্রেপ্তার

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলা থেকে এক পাহাড়ি ছাত্রনেতাকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2013, 03:03 PM

Updated : 25 Apr 2022, 06:57 PM

রোববার বিকালে উপজেলার বাইল্যাছড়ি এলাকা থেকে পাহাড়ি ছাত্র পরিষদের (এমএন লারমা) কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুমন চাকমা দীপুকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তার সহযোগী উপজেলার সদাইপাড়ার বাবু চাঁন ত্রিপুরার ছেলে মরতুশে ত্রিপুরা (২৮) এবং পানছড়ি উপজেলার কালু বিকাল চাকমার ছেলে রাজু চাকমাকেও (২৩) গ্রেপ্তার করা হয়।

দীপু মাটিরাঙ্গার উপজেলার বলিটিলা এলাকার কর্ণমণি চাকমার ছেলে।

মাটিরাঙ্গা সেনা জোনের জোনাল স্টাফ অফিসার মেজর সালাহ উদ্দিন সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাইল্যাছড়ির একটি চায়ের দোকান থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে চার রাউন্ড গুলি ভর্তি একটি পিস্তল, দুটি মোবাইল ফোন, কিছু লিফলেট ও চাঁদা আদায়ের রশিদ উদ্ধার করা হয়েছে।

তাদেরকে গুইমারা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান মেজর সালাহ উদ্দিন।

গুইমারা থানার ওসি বসির আহম্মদ জানান, আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে ।