বিএনপির অভিযোগ ভিত্তিহীন: ইসি
নির্বাচনের ফল ঘোষণার বিষয়ে ‘প্রথা অনুযায়ী’ বিভিন্ন প্রার্থীর কাছে পাঠানো চিঠি নিয়ে বিএনপির তোলা আপত্তিকে ‘ভুলবোঝাবুঝি’ বলে মন্তব্য করেছে নির্বাচন কমিশন।
সংস্থাটি বলছে, রীতি অনুযায়ীই ওই চিঠি দেয়া হয়েছে, ফল ঘোষণার নিয়মে কোনো রকম পরিবর্তনও আনা হয়নি।
বিএনপির একজন প্রতিনিধি কমিশনে গিয়েও এ অভিযোগ জানিয়েছেন।
এ বিষয়ে ইসির জনসংযোগ পরিচালক এস এম আসাদুজ্জামান বলেন, “৪২ বছর ধরে যেভাবে কেন্দ্রভিত্তিক ফল ঘোষণার পর রিটার্নিং কর্মকর্তা সঙ্গে সঙ্গে ধারাবাহিকভাবে বেসরকারি ফল ঘোষণা করেছেন, এখানেও তাই হবে।”
চিঠির ব্যাখ্যা তারা বুঝতে না পেরে এ ধরনের আপত্তি করে থাকতে পারেন বলে মনে করেন তিনি।
আসাদুজ্জামান বলেন, “ফল ঘোষণার সময় উপস্থিত থাকতে প্রত্যেক প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে আমন্ত্রণ জানান রিটার্নিং কর্মকর্তা। গণনা শেষে ফল ঘোষণা একটি চলমান প্রক্রিয়া। সব কেন্দ্রের ফল ঘোষণার পর বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়। তবে একীভূত ফল (সব কেন্দ্রের) পরের দিন সকালে আনুষ্ঠানিকভাবে রিটার্নিং কর্মকর্তা ঘোষণা করেন।”
স্থানীয় সরকার নির্বাচন আইনের ৪১ ধারা অনুযায়ী ফল একত্রীকরণের জন্য তারিখ, সময় ও স্থান উল্লেখ করে প্রার্থী-এজেন্টদের নোটিস দিতে হয়। এবারও তা দেয়া হয়েছে।
সিইসির একান্ত সচিব এ কে এম মাজহারুল ইসলাম বলেন, “রিটার্নিং কর্মকর্তা ভোটের দিনই তার কার্যালয়ে ফল সংগ্রহ ও ফল পরিবেশনের কথা প্রার্থীদের চিঠিতে জানিয়েছেন। পরদিন ১১টায় একীভূত করে সরকারি ফল ঘোষণার কথাও উল্লেখ করেছেন। এ নিয়ে ভুলবোঝাবুঝি হতে পারে।”
বিএনপি ও তাদের সমর্থিত প্রতিদ্বন্দ্বী প্রার্থীর অভিযোগকে গুজব, উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন বলে আখ্যায়িত করেন ইসি সচিব মোহাম্মদ সাদিক।
এদিকে প্রথা অনুযায়ী দেয়া ওই চিঠি নিয়ে ইসিকে লিখিত অভিযোগ দেয়ার পর প্রেস ব্রিফিংয়ে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, “আমরা মনে করি, এতে সরকারের দুরভিসন্ধি থাকতে পারে। আজ সকালে আমরা প্রধান নির্বাচন কমিশনের কাছে চিঠির বিষয়ে আপত্তি জানিয়ে এসেছি।
“অতীতে যেভাবে ভোটগ্রহণ শেষে ভোট গণনা তাৎক্ষণিকভাবে শুরু হয়েছে। এবারও সেইভাবে ভোট গণনার কার্যক্রম শুরু করতে হবে।”
গাজীপুর নির্বাচনী প্রচারণার সময়সীমা শেষ হওয়ার পর ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা প্রচারণা চালাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
