শাহজাদপুরে বাসচাপায় এএসআই নিহত
সিরাজগঞ্জের শাহজাদপুরে বাসচাপায় পুলিশের এক এএসআই নিহত হয়েছেন। আহত হন এক কনস্টেবল।
শুক্রবার দুপুরে সিরাজগঞ্জ-নগরবাড়ি মহাসড়কের নুকালী এলাকায় এ দুর্ঘটনায় নিহত হন শাহাজাদপুর থানার সহকারী উপ-পরিদর্শক জামির হোসেন (৩০)।
আহত একই থানার কনস্টেবল সুকুমার চন্দ্র দাসকে (৫৫) সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান শরীফ ইকবাল বলেন, মোটরসাইকেলযোগে কনস্টেবল সুকুমারকে সঙ্গে নিয়ে এএসআই জামির হোসেন বাঘাবাড়ি এলাকায় ওয়ারেন্টভুক্ত আসামি ধরার জন্য গিয়েছিলেন।
সেখান থেকে ফেরার পথে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাস তাদের মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে প্রায় তিনশ’ মিটার টেনে নিয়ে যায়।
এতে বাস ও মোটরসাইকেলের চাপায় জামিরের দেহ ছিন্নভিন্ন হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
জমির ঝিনাইদহের মহেশপুর উপজেলার কুঠিপাড়া গ্রামের প্রয়াত রবকুল হোসেনের ছেলে। তার স্ত্রী ও সাত বছর বয়সী একটি ছেলে রয়েছে।
২০১২ সালের ১৬ নভেম্বর পুলিশ অরিজিনাল রিজার্ভ (ওআর) হেডকোয়ার্টার থেকে তিনি শাহজাদপুর থানায় যোগদান করেন। ২০০১ সালের ১ জানুয়ারি তিনি কনস্টেবল হিসেবে পুলিশ বাহিনীতে যোগদান করেন।
আহত কনস্টেবল সুকুমার পাবনার সুজানগর উপজেলার কুড়িপাড়া নিশ্চিন্তপুর গ্রামের অজিত কুমার দাসের ছেলে।
