‘নিরাপত্তা বলয়ে জনপ্রতিনিধিরা যেন জনবিচ্ছিন্ন না হন’
জনপ্রতিনিধিদের নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে তারা যাতে জনবিচ্ছিন্ন হয়ে না পড়ে সে দিকে নজর দেয়ার আহবান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর।
বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রোটেকশন ব্যাটালিয়নের (এসপিবিএন) উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহবান জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ভিভিআইপিদের’ নিরাপত্তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমোদন নিয়ে ‘এসপিবিএন’ নামে পুলিশ বাহিনীর এই বিশেষ শাখা গঠন করা হয়েছে।
“তবে নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে ভিভিআইপিরা যেন জনবিচ্ছিন্ন না হয়ে পড়েন- সেদিকেও এসপিবিএন সদস্যদের সজাগ থাকতে হবে।”
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, তিনটি কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুলিশ বাহিনীর কাছে আজীবন স্মরণীয় হয়ে থাকবেন।
“প্রথমত পুলিশকে স্বাধীনতা পুরস্কার দিয়ে স্বাধীনতা যুদ্ধে পুলিশের অবদানের কথা জাতিকে স্মরণ করিয়ে দেয়া, দ্বিতীয়ত পুলিশের সাজসরঞ্জামের আধুনিকায়ন এবং তৃতীয়ত পুলিশ বাহিনীতে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পুলিশ আজীবন শ্রদ্ধাভরে স্মরণ করবেন।”
অন্য কোনো সরকার প্রধান এর আগে ‘এমন যুগান্তকারী সিদ্ধান্ত’ নিতে পারেননি বলেও মন্তব্য করেন মহীউদ্দীন খান।
এসপিবিএনকে যুগোপযোগী হিসাবে গড়ে তুলতে সরকার সব ধরনের সহযোগিতা করবে বলেও তিনি আশ্বাস দেন।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এ্যাডভোকেট শামসুল হক টুকু বলেন, “ভিভিআইপিরা জনগণের প্রতিনিধি। জনগণ তাদের ভালবাসে। নিরাপত্তার অজুহাতে তাদের জনগণ থেকে বিচ্ছিন্ন করা চলবে না।
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক বলেন, “প্রধানমন্ত্রী নিরাপত্তার ব্যাপারে অনেকটাই উদাসীন। তিনি নিরাপত্তা বলয়ে থাকতে চান না।”
তারপরও অনেকসময় ‘সংশ্লিষ্টদের জীবনের কথা ভেবে’ প্রধানমন্ত্রী নিরাপত্তা নেন বলে দাবি করেন তিনি।
অন্যদের মধ্যে স্বরাষ্ট্র সচিব সি কিই কে মুশতাক আহমেদ, পুলিশের আইজি হাসান মাহমুদ খন্দকার, সিপিবিএন এর ডিআইজি বিশ্বাস আফজাল হোসেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর অনুমোদন নিয়ে ২০১১ সালের ২৬ ডিসেম্বর স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রোটেকশন ব্যাটেলিয়ন গঠিত হয়। একজন ডিআইজি এ ব্যাটালিয়নের নেতৃত্বে রয়েছেন।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মোট ৬৪২ জন সদস্য বর্তমানে এ বাহিনীতে কর্মরত।
