শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে সিরাজগঞ্জে সড়ক অবরোধ
অটোরিকশা চালক মারধর করার প্রতিবাদে সিরাজগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা মানববন্ধন করেছে।
বৃহস্পতিবার সকালে কলেজের সামনে এ মানববন্ধন থেকে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানানো হয়।
ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে সিরাজগঞ্জ-কাজিপুর আঞ্চলিক সড়কে যানজটের সৃষ্টি হয়।
পলিটেকনিকের ৪র্থ বর্ষের ছাত্র রাসেল আহম্মেদ জানান, বুধবার হরতাল চলাকালে কয়েকজন ছাত্র ও শিক্ষক মিলে কলেজের সামনে থেকে একটি অটোরিকশা করে কাঠেরপুল এলাকায় যেতে চায়।
চালক শাহ জামাল তাদেরকে না নিয়ে সামনে গিয়ে অন্য যাত্রীদের নিতে চাইলে এ নিয়ে বাকবিতণ্ডা হয়।
রাসেল আহম্মেদ অভিযোগ করেন, এ ঘটনার পর চালক শাহ জামাল কাঠেরপুল এলাকায় গিয়ে তার লোকজনকে জড়ো করে এবং ছাত্ররা সেখানে পৌঁছালে তাদের উপর হামলা চালায়।
বিষয়টি থানাকে অবহিত করা হলেও কোন ব্যবস্থা না নেয়ায় শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বলে জানান রাসেল।
সদর থানার ওসি রফিকুল ইসলাম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তদের আটক করার আশ্বাসে শিক্ষার্থীরা সড়ক অবরোধ তুলে নেয়।
