২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জোড়া খুনের প্রতিবাদে খাগড়াছড়িতে ইউপিডিএফের বিক্ষোভ

পানছড়ি উপজেলায় দুস্কৃতকারীদের হামলায় দুই নেতা নিহতের প্রতিবাদে খাগড়াছড়ি জেলা সদরসহ বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইউপিডিএফ।

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2013, 12:02 PM

Updated : 23 Aug 2022, 11:07 AM

সদরের স্বনির্ভর এলাকায় ইউপিডিএফ এর জেলা কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চেঙ্গী স্কয়ারে গিয়ে সমাবেশ করে।

সমাবেশে বক্তব্য রাখেন গণতান্ত্রিক যুব ফোরামের অর্থ সম্পাদক নিকোলাস চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের সাংগঠনিক সম্পাদক সিমন চাকমা ও হিল উইমেন্স ফেডারেশনের অর্থ সম্পাদক শিখা চাকমা।

সমাবেশে বক্তারা এ ঘটনার জন্য সন্তু লারমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতিকে দায়ী করেন এবং এ ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান।

এছাড়াও এদিন এ ঘটনার প্রতিবাদে পানছড়িতেও বিক্ষোভ মিছিল হয়।

দুপুর ১টায় পানছড়ির কলেজ গেট থেকে মিছিল শুরু হয়ে পানছড়ি বাজারে গিয়ে সমাবেশে মিলিত হয়।

সেখানে সমাবেশে বক্তব্য রাখেন গণতান্ত্রিক যুব ফোরামের পানছড়ি উপজেলা কমিটির সভাপতি বরুণ চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের পানছড়ি থানার সভাপতি সুমেধ চাকমা।

দিঘীনালা উপজেলার লারমা স্কোয়ারের প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন পাহাড়ি ছাত্র পরিষদের দিঘীনালা থানার ভারপ্রাপ্ত সভাপতি সুরেশ চাকমা, কলেজ কমিটির সভাপতি বিজয় চাকমা ও হিল উইমেন্স ফেডারেশনের দিঘীনালা থানা শাখার সহসাধারণ সম্পাদক এ্যান্টি চাকমা।

বৃহস্পতিবার সকালে পানছড়ির সীমান্তবর্তী পুজগাং এলাকায় দুস্কৃতকারীদের হামলায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর পানছড়ি উপজেলা সংগঠক সমীরণ চাকমা এবং পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (এমএন লারমা)সদস্য জার্মান চাকমা নিহত হন। 

হত্যাকাণ্ডের জন্য জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা) নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকে (জেএসএস) দায়ী করেছে ইউপিডিএফ। তবে জেএসএস এই অভিযোগ নাকচ করেছে।

দুষ্কৃতকারীরা নিহত জার্মান চাকমার সহকর্মী শ্যামল চাকমাকে অপহরণ করে।