নিভৃতেই কাজ করে যেতে চান শারমিন আহমেদ
বাবা দীর্ঘ রাজনৈতিক পথ পাড়ি দিয়ে দেশের প্রথম প্রধানমন্ত্রী, মা একটি রাজনৈতিক দলের নীতি-নির্ধারকদের একজন, এক ভাই ছিলেন প্রতিমন্ত্রী, আরেক বোন সংসদ সদস্য- রাজনৈতিক আবহে বেড়ে ওঠার পরও সক্রিয় রাজনীতিতে অনাগ্রহ শারমিন আহমেদের।
“এটা আমার জায়গা না,” এক কথায় বললেন তাজউদ্দীন আহমেদ ও সৈয়দা জোহরা তাজউদ্দীনের বড় মেয়ে। সেই সঙ্গে জানালেন, রাজনীতির অঙ্গনে পা রাখার আহ্বান ছিল, কিন্তু তা থেকে নিজেকে সরিয়ে রেখেছেন তিনি।
“সোহেলের (তানজিম আহমেদ সোহেল তাজ, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী) পদত্যাগের পর বর্তমান প্রধানমন্ত্রী আমাদের তিন ভাই-বোনকেই রাজনীতিতে আসতে অনুরোধ করেছিলেন। দেশে আসলেই অনেকে রাজনীতিতে যোগ দেয়ার জন্য চাপ দেন”
“আমার ভাই এবং বোনের মতো আমারও রাজনীতিতে আসার সুযোগ ছিল; কিন্তু আমি মনে করেছি, এটা আমার জায়গা না।”
নিজের জন্য কোন জায়গাটি বেছে নিয়েছেন, তা জানিয়ে বললেন, “আমার মনে করি, শিশুরাই আমাদের ভবিষ্যৎ; আর তাদের জন্য একটি সুন্দর সমাজ গঠনের জন্য নিভৃতে তৃণমূল থেকে কাজ করাটাই অনেক বড় বিষয় আমার জন্য।”
যুক্তরাষ্ট্র প্রবাসী শারমিন আহমেদ সম্প্রতি দেশে এসে ঘুরে গেছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কার্যালয়ে, শিশুদের দ্বারা পরিচালিত প্রথম বাংলা ওয়েব পোর্টাল ‘হ্যালো’র শিশু সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন উচ্ছ্বাস নিয়ে।
সেই ক্ষণেই শারমিনের স্বপ্ন আর তা বাস্তবায়নে তার পথচলা নিয়ে কথা হয় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
পেশাগত জীবনে শান্তি-শিক্ষা, মানবাধিকার এবং উন্নয়ন বিষয়ক গবেষক হিসেবে কাজ করা শারমিন বাংলাদেশে নারী এবং শিশুদের উন্নয়নের জন্য বেশ কয়েক বছর ধরেই তৃণমূল পর্যায়ে ‘প্রি-ন্যাটাল এডুকেশন’ নিয়ে কাজ করছেন।
মাতৃত্বের সূচনাতেই গর্ভবতী নারীর শারীরিক এবং মানসিক স্বাস্থ্য সুরক্ষা এবং সন্তান জন্মের পর সঠিকভাবে তাকে বড় করে তোলার শিক্ষা দেয়াটাই মূলত ‘প্রি-ন্যাটাল এডুকেশনের’ উদ্দেশ্য।
বিষয়টি ব্যাখ্যা করতে পুরানে নিয়ে গেলেন শারমিন।
“মহাভারতে অর্জুন এবং তার ছেলে অভিমন্যুর উপাখ্যানের কথা আমরা সবাই জানি। অভিমন্যুকে নিয়ে অর্জুনের স্ত্রী সুভদ্রা যখন গর্ভবতী ছিলেন, ওই সময় তাকে চক্রব্যুহ ভেদের গল্প শুনিয়েছিলেন অর্জুন।”
মহাভারতে আছে, সুভদ্রার গর্ভে থেকেই সেই গল্প শুনে চক্রব্যুহ ভেদের কৌশলটি শিখে ফেলেন অভিমন্যু।
“অর্থাৎ, সেই প্রাচীন সময় থেকেই গর্ভে থাকাকালীন সময়েই শিশুদের বিকাশের কথা সম্পর্কে মানুষ জানতে শুরু করেছিলো। আর এখন, আধুনিক বিজ্ঞানে তো এখন বিষয়টি প্রমাণিতই।”
শিশুর মানসিক বিকাশের প্রাথমিক অবস্থার গুরুত্ব এভাবেই তুলে ধরেন শারমিন।
“একটা শিশু মায়ের গর্ভে থাকার সময় থেকেই মায়ের সঙ্গে, বাইরের পৃথিবীর সঙ্গে তার যোগাযোগ গড়ে ওঠে। চার মাস বয়সে সে তার মায়ের কথাবার্তা বুঝতে পারে, পাঁচ মাস বয়স থেকে সে তার বাবার কণ্ঠ চিনতে পারে। তাই এসময় থেকেই বাবা-মায়েদের মধ্যে সার্বিক সচেতনতা আসা জরুরি।”
যুক্তরাষ্ট্রের জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটি থেকে উইমেন স্টাডিজ এবং শিশু শিক্ষার উপরে ফেলোশিপসহ উচ্চতর ডিগ্রি এবং ‘উইমেন্স স্কলার অ্যাওয়ার্ড’ লাভ করা শারমিন মনে করেন, নতুন প্রজন্মের সঠিক বিকাশের জন্য বাবা-মায়ের শিক্ষা এবং সচেতনতার বিষয়টি খুবই জরুরি।
এক্ষেত্রে নারীদের সঠিক শিক্ষা এবং সচেতনতার ওপর জোর দেন তিনি। তার মতে, দেশে নারী-স্বাক্ষরতার হার বেড়েছে, কিন্তু প্রকৃত শিক্ষার হার বাড়েনি।
শারমিন মনে করেন, ভবিষ্যতের উন্নতির জন্য সন্তানদের বেড়ে ওঠার সময়টিতে বাবা-মায়ের উচিত তাদের মতামতের ওপর গুরুত্ব দেয়া।
পঁচাত্তরে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর বৈরী পরিস্থিতিতে আওয়ামী লীগকে ধরে রাখতে জোহরা তাজউদ্দীনের ভূমিকাও উঠে আসে আলোচনায়।
দেশে থাকা অবস্থায় একজন কিন্ডারগার্টেন শিক্ষিক হিসেব কর্মজীবন শুরু করার মাধ্যমেই শিশুদের নিয়ে কাজের অভিজ্ঞতা হয় শারমিনের; পরবর্তীকালে নিজের সন্তানদের লালন পালনের মধ্য দিয়ে শিশুদের সঠিকভাবে বড় করার জন্য বাবা-মায়ের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য কাজ করার কথা চিন্তা করেন তিনি।
“আমি যখন প্রথম কর্মক্ষেত্রে প্রবেশ করি, তখন আমার ছেলের বয়স অনেক কম। আমি নিজে তখন আমার মেয়েকে নিয়ে গর্ভবতী। একজন কর্মজীবী হওয়া স্বত্ত্বেও ওই সময় আমার প্রধান চিন্তা ছিল আমার সন্তানের সঠিকভাবে বেড়ে ওঠার বিষয়টি।”
“দেশের বাইরে থাকার পরও আমি নিজে আমার সন্তানদের বাংলা শিখিয়েছি, আমার তত্ত্বাবধানেই আমার ছেলে সাত বছর বয়সে কুরআন-শিক্ষা সম্পন্ন করেছে; আমাদের সংস্কৃতির সঙ্গে তাদেরকে পরিচয় করিয়ে দিয়েছি।”
সন্তানের দিকে মনোযোগ দিতে গিয়ে পেশাগত জীবনে অনেক ছাড় দিয়েছেন শারমিন।
“তারপরও সন্তানদের সঠিক বিকাশকে বড় করে দেখেছি আমি। আমি মনে করি আধুনিক নারীদের জন্য সন্তানের বেড়ে ওঠার সময়টিতে তাদের সঠিক বিকাশ নিয়ে গুরুত্ব দেয়াটা খুবই জরুরি।”
‘প্রি-ন্যাটাল এডুকেশনের’ মাধ্যমে তা তৃণমূল পর্যায়ে তুলে ধরার চেষ্টা চালাচ্ছেন বলে জানালেন তিনি।
নিজের অভিজ্ঞতা থেকে শারমিন মনে করেন, এক্ষেত্রে সরকারি পৃষ্ঠপোষকতাও জরুরি।
“আমি সিলেটের মাধবকুণ্ডের খাসিয়াপুঞ্জিগুলোতে গিয়েছি; সেখানে দেখেছি, কেবল পানচাষের অল্প কিছু টাকা দিয়েই কীভাবে বাবা-মায়েরা তাদের সন্তানদের পড়ালেখার ব্যাবস্থা করে। ওখানে কোনো সুযোগ-সুবিধা নেই, এমনকি ওখানে যাওয়ার জন্য কোনো ভালো রাস্তাও তৈরি করা নেই।”
প্রবীণ রাজনীতিকদের প্রতি সম্মান রেখেই শারমিনের মত, “দেশের ভবিষ্যত উন্নতির জন্য জ্যেষ্ঠদের উচিৎ নতুনদের সামনে আসতে দেয়া।”
সেই নতুনদের গড়ে তোলার কাজটিই করে যেতে চান তাজউদ্দীনকন্যা।
“আমি এভাবে নিভৃতে থেকেই কাজ করে যেতে চাই; কারণ এই শিশুরাই ৫০ বছর পর আমাদের একটি আলোকিত বাংলাদেশ দেবে।”
প্রতিবছর বিশ্ববিদ্যালয়টির ‘শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন’ বিভাগের স্নাতক পরীক্ষায় প্রথম শ্রেণী পেয়ে উত্তীর্ণ হওয়া শিক্ষার্থীদের ‘তাজউদ্দীন শান্তি স্বর্ণপদক’ এ ভূষিত করা হয় ট্রাস্টটির পক্ষ থেকে। এছাড়াও ট্রাস্টের পক্ষ থেকে ‘ফিমেইল এমপাওয়ারমেন্ট’ বৃত্তির ব্যাবস্থাও করা হয় বিভাগটির শিক্ষার্থীদের জন্য।
শারমিন আহমেদের অন্যতম পরিচয় তিনি একজন লেখক। তার প্রথম প্রকাশিত বই ‘হৃদয়ে রংধনু (রেইনবো ইন এ হার্ট)’ একটি দ্বিভাষিক (বাংলা ও ইংরেজি) শিশুতোষ গ্রন্থ, যা এখন যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের মন্টগোমারি কাউন্টি পাবলিক স্কুলের পাঠ্যসূচির জন্য অনুমোদিত হয়েছে।
“আমার মেয়ের যখন পাঁচ বছর বয়স, একদিন সে আমাকে প্রশ্ন করেছিল, আম্মুসোনা, তুমি কিভাবে আমার মা হলে?’ আমার ছোট্ট মেয়ের এই প্রশ্ন থেকেই বইটির জন্ম। বইটির গল্প ভালোবাসা এবং আনন্দের এক জগত নিয়ে যেখানে নিষ্ঠুরতার কোনো স্থান নেই,” লেখার প্রণোদনার কথা জানান তিনি।
এই বইয়ের গল্পের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে একই নামের একটি ড্যান্স-ড্রামাও। যুক্তরাষ্ট্রভিত্তিক সাংস্কৃতিক সংগঠন ‘জাগো আর্ট সেন্টার’(বর্তমান নাম সৃষ্টি নৃত্য)-এর উদ্যোগে চলতি বছরের শুরুতে জাতীয় শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয় বাংলাদেশে এর প্রথম প্রদর্শনী। এর আগে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে অবস্থিত বিখ্যাত এফ স্কট ফিক্যজেরার্ল্ড থিয়েটারে এটির উদ্বোধনী প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
শারমিন জানান, প্রদর্শনী থেকে সংগৃহিত অর্থ ব্যয় করা হয়েছে দুস্থ শিশুদের কল্যাণে।
শারমিন আহমেদ এর দ্বিতীয় বই ‘ডটার অফ বাংলাদেশ লিবারেশন উইটনেসেস তাহরির ইমানসিপেশন’। মিশরের তাহরির স্কয়ার আন্দোলনে গণমানুষের বিজয়ের দিনটির প্রত্যক্ষদর্শী তিনি; বইটিতে সেই অভিজ্ঞতাই তুলে ধরেছেন তিনি।
এই মুহূর্তে বাবা তাজউদ্দীন আহমেদের রাজনৈতিক জীবন নিয়ে একটি বই লিখছেন শারমিন, আশা প্রকাশ করেছেন ২০১৪ নাগাদ এটি প্রকাশ হবে।
