আশ্বাসে অনশন ভাঙলেন বরিশালের নার্সিং শিক্ষার্থীরা
দাবি মেনে নেয়ার আশ্বাস পেয়ে অনশন ভেঙে হলে ফিরেছেন বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীরা।
বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তিন দিনের টানা অনশন কর্মসূচি থেকে সরে আসার কথা জানান শিক্ষার্থীরা।
শিক্ষার্থী জিয়াউর রহমান জানান, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে ছয়টি দাবির মধ্যে তিনটি মেনে নেয়ার আশ্বাস দেয়া হয়েছে। এ বিষয়ে একটি চিঠি সন্ধ্যায় হাতে পেয়েছি।
ছয় দফা দাবিতে বুধবার তৃতীয় দিনের মতো আমরণ অনশন করেন শিক্ষার্থীরা।
টানা তিন দিন অনশনে থেকে অসুস্থ হয়েছে পড়েন ৩৩ জন শিক্ষার্থী।
এদের মধ্যে ৮ জন বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিত্সাধীন আছেন।
সোমবার সকাল ১০টা থেকে নার্সিং কলেজের সামনে অনশন শুরু করেন নার্সিং কলেজটির প্রায় তিনশ’ শিক্ষার্থী।
এর আগে কলেজের অধ্যক্ষ মিনতী মজুমদার বলেন, শিক্ষার্থীদের ৬ দফা দাবির মধ্যে ৩ দফা মেনে নেয়া সংক্রান্ত একটি ফ্যাক্স বার্তা বাংলাদেশ নার্সিং সার্ভিসেস (বিএনএস) এর পরিচালকের কার্যালয় থেকে তাদের কাছে পাঠানো হয়েছে।
নার্সিং শিক্ষার্থীদের ৬ দফা দাবির মধ্যে রয়েছে- চার বছর মেয়াদী বিএসসি-ইন-নার্সিং কোর্স শেষে ইন্টার্নশিপ চালু, শিক্ষার্থীদের মাসিক ভাতা সাড়ে ৮শ’ টাকা থেকে বৃদ্ধি করে ৩ হাজার টাকায় উন্নীতকরণ, বিএসসি ইন নার্সিং কোর্স শেষে মাস্টার্স কোর্স চালু করা, বিশেষ বিসিএস এর ব্যবস্থাকরণসহ চাকরির নিয়োগবিধি প্রকাশ, পৃথক সেবা অনুষদ গঠন এবং ক্লিনিক্যাল প্রাকটিসের সময় ইউনিফরমের উপর অ্যাপ্রোন পড়ার অনুমতি প্রদান।
