অনশন ভাঙলো চট্টগ্রাম নার্সিংয়ের শিক্ষার্থীরা
ইন্টার্নশিপ চালু ও চাকরি বিধিমালা প্রণয়নসহ ছয় দফা দাবিতে আন্দোলনরত চট্টগ্রাম নার্সিং কলেজের শিক্ষার্থীরা অনশন ভেঙেছেন।
মন্ত্রণালয়ের আশ্বাসের প্রেক্ষিতে বুধবার সন্ধ্যায় তারা অনশন ভাঙ্গেন।
কলেজ অধ্যক্ষ হোসনে আরা বেগম এ অনশন ভাঙ্গান বলে জানিয়েছেন, নার্সিং স্টুডেন্টস ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফারজানা কাদের।
সোমবার থেকে ইন্টার্নশিপ চালু ও চাকরি বিধিমালা প্রণয়নসহ ছয় দফা দাবিতে তারা অনশন শুরু করেছিল।
তিনদিনে চট্টগ্রামে ২০ জন শিক্ষার্থী শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে, যার মধ্যে দশজনকে হাসপাতালে ভর্তি করা হয়।
ফারজানা কাদের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রশাসন নার্সিং পেশার মান উন্নয়নের লক্ষ্যে চার বছর মেয়াদি বিএসসি ইন নার্সিং কোর্স শেষে ন্যূনতম ছয় মাস থেকে এক বছর মেয়াদি ইন্টার্নিশিপ চালু, প্রতিমাসের বৃত্তির পরিমাণ মাথাপিছু ৩ হাজার টাকায় উন্নীত ও ক্লিনিক্যাল প্র্যাকটিসের সময় নির্ধারিত ইউনিফর্মের উপর প্রোটেকটিভ ক্লথ হিসেবে অ্যাপ্রন পরিধানের অনুমতি দেয়ার তিনটি দাবি লিখিত ভাবে মেনে নিয়েছে।
এছাড়া আগামী তিন মাসের মধ্যে দাবিগুলো বাস্তবায়ন করা হবে বলেও আশ্বাস দেয়া হয়েছে বলে জানান তিনি।
