পাবনায় স্বেচ্ছাসেবক লীগ নেতা খুনের ঘটনায় মামলা
পাবনায় সন্ত্রাসীদের গুলিতে স্বেচ্ছাসেবক লীগ নেতা মামুনুর রশিদ নিহতের ঘটনায় ১৩ জনকে আসামি করে দুটি মামলা হয়েছে।
বুধবার দুপুরে তিন জনের নাম উল্লেখ করে নিহতের স্ত্রী ফাতেমা খাতুন এবং ভাই জালাল চৌধুরি খোকন এ দুটি মামলা করেন।
পাবনা সদর থানার ওসি কাজী হানিফুর ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পাবনা সদর থানায় করা মামলা দুটির এজহারে পূর্ব শত্রুতার জের ধরে `সুপরিকল্পিতভাবে’ এ হত্যাকাণ্ড হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।
তবে এজাহারে উল্লেখিত তিনজনের নাম মামলার তদন্তের স্বার্থে প্রকাশ করা যাচ্ছে না বলে জানান তিনি।
ওসি বলেন, পুলিশ এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের খুজে বের করতে তৎপর।
সোমবার বেলা তিনটার দিকে পাবনার কাচারীপাড়া মহল্লার সাহারা ক্লাবের সামনে অজ্ঞাত পরিচয় বন্দুকধারীদের গুলিতে স্বেচ্ছাসেবক লীগের জেলা কমিটির নেতা মামুনুর রশিদ ও টিপু চৌধুরী আহত হন। এলাকাবাসী তাদেরকে পাবনা জেনারেল হাসপাতালে নেয়ার পর জরুরি বিভাগের চিকিৎসক মেহেদী হাসান গুলিবিদ্ধ মামুনকে মৃত ঘোষণা করেন।
আহত টিপু এ ঘটনায় হাসানের নাম উল্লেখ করলেও মামলায় তার নাম আছে কী-না জানতে চাইলে বিষয়টি নিয়ে কোন কথা বলেননি ওসি হানিফুর ইসলাম।
