টেন্ডার নিয়ে সংঘর্ষ: যুবলীগনেতা বাবর কারাগারে
রেলের দরপত্র নিয়ে সংঘর্ষে শিশুসহ দুইজনের নিহতের ঘটনায় গ্রেপ্তার যুবলীগনেতা হেলাল আকবর চৌধুরী বাবর ও তার চার সহযোগীকে জিজ্ঞাসাবাদের পর কারাগারে পাঠিয়েছে পুলিশ।
বুধবার জিজ্ঞাসাবাদ শেষে তাদের চট্টগ্রাম মহানগর হাকিম আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
মামলার তদন্ত কর্মকর্তা কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জিজ্ঞাসাবাদে তারা সকলেই কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন, যা আমরা যাচাই করছি।
এ হত্যাকাণ্ড বিষয়ে অনেক ‘গুরুত্বপূর্ণ’ তথ্য পাওয়া গেলেও তদন্তের স্বার্থে তা বলতে অপারগতা প্রকাশ করেন তিনি।
যুবলীগের কেন্দ্রীয় সদস্য থেকে বহি®কৃত হেলাল আকবর চৌধুরী বাবরকে চারদিন এবং তার সাথে ঢাকা থেকে গ্রেপ্তার হওয়া অপর চার সহযোগীকে তিনদিন করে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছিল পুলিশ।
গত ২৪ জুন নগরীর সিআরবি এলাকায় রেলের টেন্ডার নিয়ে যুবলীগ-ছাত্রলীগের দুইপক্ষের গুলিবিনিময়ের ঘটনায় নিহত হয় আট বছরের শিশু আরমানসহ দুইজন। নিহত অপরজন যুবলীগ সদস্য সাজু পালিত।
এ ঘটনায় যুবলীগনেতা হেলাল আকবর চৌধুরী বাবর, ছাত্রলীগনেতা সাইফুল আলম লিমনহ ৫৯ জনকে গ্রেপ্তার করে পুলিশ।
পরবর্তীতে লিমনসহ ৪৪ জনকে একদিন করে রিমান্ড নেয় পুলিশ।
বাবর ও তার পাঁচ সহযোগীকে ঢাকা থেকে গ্রেপ্তারের পর তাকে চারদিন এবং অপর চার সদস্যকে তিনদিন করে রিমান্ডে নেয়ার অনুমতি পায় পুলিশ।
গত ২৯ জুন তাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ।
