ধর্মঘটে ‘বিচ্ছিন্নই’ থাকছে খাগড়াছড়ি
খাগড়াছড়িতে পরিবহন ধর্মঘট প্রত্যাহারে শ্রমিক-মালিকদের সঙ্গে প্রশাসনের বৈঠক কোনো সমাধান ছাড়াই শেষ হয়েছে।
বুধবার বিকালের এ বৈঠকে ব্যর্থ হওয়ায় পরিবহন মালিক ও শ্রমিকরা তাদের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে।
পরিবহন সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক কে এম ইসমাইল বলেন, চাঁদাবাজি বন্ধে এবং পরিবহন শ্রমিকদের নিরাপত্তা বিষয়ে কোন সিদ্বান্ত না দেয়ায় ধর্মঘট অব্যাহত থাকবে ।
সকাল থেকে আট দফা দাবিতে এ ধর্মঘট শুরু করে তারা। তাদের এই কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে পরিবহন সংশ্লিষ্ট খাগড়াছড়ির ১৮টি সংগঠন।
ধর্মঘট এবং ইসলামী ছাত্র শিবিরের হরতালে সারাদেশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে পার্বত্য এ জেলা। জেলার আভ্যন্তরীণ ও দূরপাল্লার সবধরনের যানবাহন বন্ধ রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকে খাগড়াছড়ি পৌর বাস টার্মিনাল থেকে কোনো গাড়ি ছাড়েনি। ঢাকা-চট্টগ্রাম-ফেনী সড়কে চলাচলকারী হাজার হাজার যাত্রী দুর্ভোগে পড়েছেন।
সমন্বয় পরিষদের দাবিগুলোর মধ্যে রয়েছে- জেলার পরিবহন সেক্টরে চাঁদাবাজি বন্ধ, সড়ক সংস্কার, সন্ত্রাসীদের গ্রেপ্তার, চট্টগ্রামে খাগড়াছড়ি জেলার জন্য পৃথক স্থায়ী বাস টার্মিনাল স্থাপন, পরিবহন চলাচলে প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করা, আগুন দিয়ে গাড়ি জ্বালিয়ে দেয়া ও ভাংচুরকৃত গাড়ির ক্ষতিপূরণ প্রদান, অনুমোদনহীন যান চলাচল বন্ধ, শ্রমিক নির্যাতন বন্ধ।
নিরাপত্তা ও অপ্রীতিকর ঘটনার আশংকায় জেলার গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন রয়েছে।
