পাবনায় ডিবি পুলিশ পরিচয়ে টাকা ছিনতাই
পাবনার আতাইকুলা উপজেলায় গোয়েন্দা (ডিবি) পুলিশ পরিচয় দিয়ে এক ব্যবসায়ীর সাড়ে ১৩ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ পেয়েছে পুলিশ।
মঙ্গলবার বিকালে উপজেলার জাড়গাছা এলাকায় এ ঘটনা ঘটে।
আতাইকুলা বাজারের পাট ব্যবসায়ী মোহাম্মদ খসরু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিকালে তার ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবস্থাপক আব্দুর রহিম ও কর্মচারী হজো ম-ল ইসলামী ব্যাংক সাঁথিয়া শাখা থেকে সাড়ে ১৩ লাখ টাকা তুলে সিএনজি করে আতাইকুলা আসছিলেন।
এ সময় জোড়গাছা এলাকায় একটি মাইক্রোবাস সিএনজির গতিরোধ করে। মাইক্রোবাস থেকে কয়েকজন যুবক নেমে নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে অস্ত্রের মুখে ম্যানেজার, কর্মচারী ও সিএনজি চালক রফিককে আটক করে।
ব্যবসায়ী খসরু জানান, পরে তাদের নামে হত্যা মামলা আছে অভিযোগ করে তিনজনকে মাইক্রোবাসে তুলে মারধর করে এবং টাকা ছিনিয়ে নিয়ে লালন সেতুর পাড়ে নামিয়ে দিয়ে দুর্বৃত্তরা চলে যায়।
আতাইকুলা থানার ওসি রেজাউল জানান, ব্যবসায়ী খসরু থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
