কিশোরগঞ্জে ভোটগ্রহণ শেষ
কিশোরগঞ্জ উপনির্বাচনে ভোটগ্রহণ বিকাল ৪টায় শেষ হয়েছে। ভোট গণনার প্রস্তুতি চলছে কেন্দ্রে কেন্দ্রে।
বুধবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয় আড়াই লাখ ভোটার অধ্যুষিত এই আসনে।
ভোটার উপস্থিতি কম হলেও কোনো গোলযোগের খবর পাওয়া যায়নি বলে জানান রিটার্নিং কর্মকর্তা মো. জাহিদ হোসেন।
স্পিকার আবদুল হামিদ রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর শূন্য ওই আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকে লড়ছেন তার ছেলে রেজওয়ান আহাম্মদ তৌফিক।
তবে এ অভিযোগ প্রত্যাখ্যান করে রিটার্নিং কর্মকর্তা মো. জাহিদ হোসেন বলেন, “এ ধরনের কোনো ঘটনা ঘটেনি।”
নির্বাচনী এলাকার তিনটি উপজেলার ২৪টি ইউনিয়নের ১১৮টি ভোট কেন্দ্রেই শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ হয়েছে বলে দাবি করেন তিনি।
সকালে মিঠামইনের কামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন তৌফিক। আর অষ্টগ্রামের মসজিদ জাম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন আওয়ামী লীগের বিদ্রোহী নেতা অসীম।
এই নির্বাচনে ১১৮টি কেন্দ্রের মধ্যে ১০৪টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।
ভোট কেন্দ্রের নিরাপত্তায় পুলিশ, বিজিবি, র্যাব ও আনসার বাহিনীর ছয় হাজার সদস্য দায়িত্ব পালন করছেন। পুরো নির্বাচনী এলাকাজুড়ে চলছে র্যাব ও বিজিবির টহল।
এদিকে ভোটে অনিয়ম তদন্তে কিশোরগঞ্জের যুগ্ম জেলা জজ মো. আশরাফুল আলমকে প্রধান করে একটি কমিটি করা হয়েছে।
অনিয়মের ঘটনা ঘটলে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে পাঁচ জন করে নির্বাহী হাকিমের সমন্বয়ে ভ্রাম্যমাণ আদালত কাজ করেছে।
এই সংসদীয় আসনে মোট ২ লাখ ৭৭ হাজার ১১৮ জন ভোটার রয়েছেন। তার পুরুষ ভোটার ১ লাখ ৩৯ হাজার ৩০৩ জন এবং মহিলা ভোটার ১ লাখ ৩৭ হাজার ৮১৫ জন।
