২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দীপ হত্যার বিচার চেয়ে গণজাগরণ মঞ্চের মিছিল

প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আরিফ রায়হান দীপের খুনিদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে গণজাগরণ মঞ্চ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাবি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2013, 05:28 PM

Updated : 23 Aug 2022, 11:06 AM

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় শাহবাগের প্রজন্ম চত্বর থেকে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারের নেতৃত্বে  বিক্ষোভ মিছিলটি বের হয়ে বুয়েট শহীদ মিনার হয়ে আবার শাহবাগে এসে শেষ হয়।

মিছিল থেকে দীপের খুনিদের বিচারের দাবিতে স্লোগান দেয়া হয়।

এর আগে দুপুরে মঞ্চের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দীপের মৃত্যুতে গণজাগরণ মঞ্চ গভীর শোক প্রকাশ করছে।

“দীপের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত হেফাজতে ইসলামের সব সন্ত্রাসীর গ্রেপ্তার করে কঠোর শাস্তি প্রদান করার জোর দাবি জানাচ্ছি।”

বুয়েটে হেফাজতে ইসলামের সমর্থক এক ইমামকে মতিঝিলে সংগঠনটির সমাবেশে খাবার সরবরাহে বাধা দেয়ার পর গত ৯ এপ্রিল হামলার শিকার হন দীপ। তিন মাস পর মঙ্গলবার তার মৃত্যু হয়।

দীপের ওপর হামলার অভিযোগে গ্রেপ্তার বুয়েটছাত্র মেজবাহউদ্দীন স্বীকার করেছেন, ইমামকে হলের ক্যান্টিনে খাবার রান্নায় বাধা দেয়ায় ক্ষুব্ধ হয়ে এই কাজ করেন তিনি।

পুরনো খবর:

‘হেফাজতি হামলায়’ আহত বুয়েট ছাত্রের মৃত্যু