নোবিপ্রবি বন্ধ, হল খালির নির্দেশ
ভাংচুর ও শিক্ষকদের উপর হামলার ঘটনায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মঙ্গলবার রাতে বন্ধ ঘোষণা করা হয়েছে।
রাত ৯টায় বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক মো. মুমিনুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, “বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক সভা করে এ সিদ্ধান্ত নেন। বন্ধের পর মঙ্গলবার রাত ১০টার মধ্যে ছাত্রদের হল ত্যাগের নির্দেশ দেয়া হয়েছে। অপরদিকে ছাত্রীদেরকে বৃহস্পতিবার সকাল ১০টার মধ্যে হল ত্যাগ করতে হবে।”
উপাচার্য (ভিসি) একেএম সাইদুল হক চৌধুরীর সঙ্গে সকল বিভাগের প্রধান, প্রক্টরিয়াল বডির সদস্য ও শিক্ষক সমিতির বৈঠক চলছে। শিক্ষকরা নিরাপত্তাহীনতায় ভুগছে বলে জানান নিবন্ধক।
বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লায়েড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং (এসিসিই) বিভাগের অনার্স ডিগ্রিকে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রিতে রূপান্তরসহ বিভিন্ন দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষাপটে মঙ্গলবার সকালে ওই বিভাগের কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে কর্তৃপক্ষ। একইসঙ্গে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেয়া হয়।
এরপর কিছু শিক্ষার্থী হল ছেড়ে চলে গেলেও অনেকেই থেকে যান। বিকাল সাড়ে ৪টার দিকে একদল শিক্ষার্থী উপাচার্যের কক্ষে অবস্থানরত শিক্ষকদের ওপর হামলা চালায় বলে অভিযোগ করেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মারুফুল আলম।
“কিছু ছাত্র শিক্ষকদের দিকে ইট নিক্ষেপ করে এবং দরজা-জানালার কাচ ভাংচুর করে। ইটের আঘাতে ও কাচের টুকরায় শিক্ষকরা আহত হন।”
মারুফুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হামলার পর বিকাল ৫টার দিকে শিক্ষক সমিতি বিশ্ববিদ্যালয় ডরমেটরিতে বৈঠকে বসে এবং উপাচার্য একেএম সাইদুল হক চৌধুরী বিভিন্ন সময় শিক্ষকদের বিরুদ্ধে শিক্ষার্থীদের ব্যবহার করেছেন অভিযোগ করে তার পদত্যাগ দাবি করেন।
এর আগে রোববার সকালে অ্যাপ্লায়েড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা তাদের বিভাগীয় চেয়াম্যানের কক্ষে রফিকুল ইসলাম ও খায়রুল আলম নামে দুই প্রভাষককে আটকে রাখেন। ওই দুই শিক্ষকের সঙ্গে অশোভন আচরণ করা হয় বলেও অভিযোগ রয়েছে।
১৮ ঘণ্টা পর সোমবার ভোর ৪টার দিকে তালা খুলে দুই শিক্ষককে বের করে আনে কর্তৃপক্ষ।
এ ঘটনায় সোমবার গভীর রাতে উপাচার্য একেএম সাইদুল হক চৌধুরীর সঙ্গে বৈঠক করেন শিক্ষকরা। দোষী ছাত্রদের দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে ক্লাস নেয়া বন্ধ রাখার পাশাপাশি উপাচার্যকে অবাঞ্ছিত ঘোষণারও হুমকি দেন তারা।
এ অবস্থায় শৃঙ্খলা কমিটি ও একাডেমিক কাউন্সিলের জরুরি সভায় বিভাগের কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে কর্তৃপক্ষ। এছাড়া এপ্লায়েড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১০ ছাত্রকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার এবং দুজনকে জরিমানা করা হয়।
এদের মধ্যে মো. জহিরুল ইসলাম, আবদুস সোবহান খাঁন, খালেদ মো. সাইফুল্লাহ দুই বছরের জন্য এবং দেবাশিস সরকার, এস এম জুলকার নাইন, মোহাম্মদ ফারুক, আশেকিন দেওয়ান ও দোছ মোহাম্মদকে দেড় বছরের জন্যে বহিষ্কার করা হয়।
সদ্বীপ দাস ও দিদারুল আলমকে এক বছরের জন্যে বহিষ্কার এবং মীর হোসেন ও হোসনে মোবারককে এক হাজার টাকা জরিমানা করেছে কর্তৃপক্ষ।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হেয়েছে।
নোয়াখালীর পুলিশ সুপার আনিসুর রহমান জানান, সুধারাম থানার ওসি মীর জাহেদুল হক রনির নেতৃত্বে দুই প্লাটুন পুলিশ ক্যাম্পাসে পাঠানো হয়েছে। সেখানে অবস্থানরত নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের নির্দেশনা অনুযায়ী যে কোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে পুলিশ।
