২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরগঞ্জে ১০৪টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ

কিশোরগঞ্জ উপ-নির্বাচন ঝুঁকিপূর্ণ বিবেচনায় ১১৮ কেন্দ্রের মধ্যে ১০৪টিকে গুরুত্বপূর্ণ ঘোষণা করেছে প্রশাসন।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2013, 09:50 AM

Updated : 23 Aug 2022, 11:05 AM

রোববার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উপনির্বাচন বিষয়ে এক প্রস্তুতি সভায় এ তথ্য জানানো হয়।

আগামী বুধবার (৩ জুলাই) কিশোরগঞ্জ-৪ (ইটনা, অষ্টগ্রাম, মিঠামইন) আসনে নির্বাচন হবে।

রিটার্নিং অফিস জানায়, ঝুঁকিপূর্ণসহ সবগুলো কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। এজন্য বিভিন্ন বাহিনীর ছয় হাজার সদস্য দায়িত্ব পালন করবে। 

এছাড়া প্রয়োজনে কোস্ট গার্ড মোতায়েন করা হবে বলেও জানিয়েছে নির্বাচন কমিশন।

এ নির্বাচনের রিটার্নিং অফিসার মো. জাহিদ হোসেনের সভাপতিত্বে প্রস্তুতি সভায় জেলা প্রশাসক মো. সিদ্দিকুর রহমান, পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন খান ছাড়াও র‌্যাব, বিজিবি ও আনসারসহ অন্যান্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপস্থিত র‌্যাব-৯ ক্যাম্পের এএসপি মো. গোলাম রুহুল কুদ্দুস জানান, ১ জুলাই থেকে ৪ জুলাই পর্যন্ত র‌্যাবের ৩৬টি টহল দলের ৩২৫ জন সদস্য দায়িত্ব পালন করবে।

এরমধ্যে নির্বাচনী এলাকার তিনটি উপজেলায় ৮টি করে ২৪টি দল এবং স্ট্রাইকিং ফোর্স হিসেবে ১২টি দল দায়িত্ব পালন করবে।

বিজিবি নেত্রকোনা ক্যাম্পের উপ-অধিনায়ক মেজর মাজেদুর জাবেদ জানান, নির্বাচনী এলাকার তিনটি উপজেলায় এক প্লাটুন করে তিন প্লাটুন বিজিবির ৭৫ জন সদস্য দায়িত্ব পালন করবে।

পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন খান জানান, আর্মড পুলিশের দুইশ’ সদস্য ছাড়াও পুলিশের এক হাজার ৯৩৬ জন সদস্য দায়িত্ব পালন করবে।

এছাড়া আনসার বাহিনীর ৫৯৪ জন সদস্যও থাকবেন বলে তিনি জানান।

রিটার্নিং অফিসার মো. জাহিদ হোসেন বলেন, এই নির্বাচন যেন কোনোমতেই জাতীয় ইস্যুতে পরিণত না হয় তার জন্য সব ব্যবস্থা নেয়া হয়েছে।

নির্বাচনের দিন তিন উপজেলায় সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে বলেও তিনি জানান।

জাতীয় সংসদের স্পিকার আব্দুল হামিদ রাষ্ট্রপতি হওয়ার পর এ আসনটি শূন্য হয়।

নির্বাচনে দুই প্রার্থী হলেন রাষ্ট্রপতিপুত্র রেজোয়ান আহাম্মদ তৌফিক এবং আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সৈয়দ মহিতুল ইসলাম অসীম।