পাওনাদারকে ‘পিটিয়ে হত্যা’
বরিশালে পাওনা টাকা ফেরত চাওয়ায় এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
পুলিশ জানায়, শনিবার বাবুগঞ্জ উপজেলায় এ হামলায় নিহত হন ইউনুস হাওলাদার (৪৮)।
এ সময় তার স্ত্রী সালমা আক্তার লিলি ও ছেলে শফিকুল ইসলাম আহত হন বলেও পুলিশ জানায়।
এলাকাবাসীর বরাত দিয়ে বাবুগঞ্জ থানার ওসি শাহ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ইউনুসের ছেলে শফিকুল পাশের গ্রামের সোহাগ চোদ্দারের কাছে পাওনা টাকা চাইতে যান। এ সময় তাদের কথা কাটাকাটি হলে সোহাগের লোকজন শফিকুলকে মারধর করে।
ছেলেকে বাঁচাতে গেলে ইউনুস ও তার স্ত্রী সালমা আক্তার লিলিকেও মারধর করা হয়।
তাদের উদ্ধার করে গৌরনদী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক
ইউনুসকে মৃত ঘোষণা করেন।
হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান শুরু করেছে বলে জানান ওসি।
