২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘নারীর প্রতি সহিংসতা রোধে প্রকল্প নেই’

নারী উন্নয়নের জন্য সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে বিভিন্ন প্রকল্প ও কর্মসূচি থাকলেও, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ এবং এর প্রতিকারের জন্য তেমন কোনো প্রকল্প ও কর্মসূচি নেই বলে এক জরিপে দাবি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2013, 11:45 AM

Updated : 23 Aug 2022, 11:05 AM

জাতিসংঘের জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন বিষয়ক সংস্থা ইউএন উইমেন এই জরিপ চালায়।

সরকারের ১১টি মন্ত্রণালয়ের বার্ষিক বাজেটে নারীর প্রতি সহিংসতা বিষয়ক বরাদ্দের উপরে এ জরিপ চালানো হয়। মন্ত্রণালয়গুলোর মধ্যে রয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়, সমাজ কল্যাণ মন্ত্রণালয়, তথ্য মন্ত্রণালয়, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, যুব ও কর্মসংস্থান মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং আইন ও বিচার বিভাগ।

রাজধানীতে শনিবার এক কর্মশালার মূল উপস্থাপনায় বলা হয়, সমাজে পারিবারিক নির্যাতন, ধর্ষণ, প্রহারে মৃত্যু, এসিড সন্ত্রাস, যৌতুক সংশ্লিষ্ট নির্যাতনসহ নারীর প্রতি বিভিন্ন ধরনের সহিংসতা অব্যাহত থাকার পিছনে রয়েছে সামাজিক-সাংস্কৃতিক, অর্থনৈতিক প্রভাবকের পাশাপাশি রয়েছে আইন ও রাজনৈতিক প্রভাবক।

তবে এ সমস্যা প্রতিরোধে যথেষ্ট শক্তিশালী আইন না থাকা এবং পুরুষতান্ত্রিক সমাজে নারী ও নারী উন্নয়নের প্রতি নেতিবাচক দৃষ্টিভঙ্গিই এর প্রধান কারণ।

জাতীয় প্রেসক্লাবে ‘কনসালটেশান ওয়ার্কশপ অব ড্রাফট রিপোর্ট অন অ্যাড্রেসিং ভায়োলেন্স অ্যাগেইনস্ট উইমেন ফর মিডিয়া পারসোনেল’ শীর্ষক এই কর্মশালা হয়। ইউএন উইমেনের সহায়তায় এ কর্মশালার আয়োজন করে আইআরজি ডেভেলপমেন্ট সার্ভিসেস লিমিটেড।

কর্মশালায় মূল উপস্থাপনা করেন ইউএন উইমেনের পরামর্শক ড. কানিজ সিদ্দিক।

পরে প্রশ্ন উত্তর পর্বে তিনি বলেন, “নারীর প্রতি সহিংসতা রোধ করতে হলে সবার আগে দরকার সমাজের দৃষ্টিভঙ্গির পরিবর্তন। এজন্য ছোট ছোট প্রকল্প হাতে নিয়ে লাভ হবে না, সমন্বিত প্রকল্প গ্রহণ প্রয়োজন।”

তিনি বলেন, “এমনকি পুরুষের উপর নারীরা নির্যাতন করলে তা-ও অপরাধ এবং তার শাস্তি হতে হবে। তবে আমাদের দেখতে হবে এ ধরনের ঘটনা সামগ্রিক ঘটনার কতো শতাংশ।”

কর্মশালায় বলা হয়, নারীর প্রতি সহিংসতা দেশের জন্য শুধু সামাজিক বোঝা নয়, এর কারণে দেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) অন্তত ২ দশমিক ১২ শতাংশ কম হচ্ছে। এর পরিমাণ প্রায় ১ হাজার ৯৩৯ কোটি টাকা।

কর্মশালার সঞ্চালক হিসেবে ছিলেন মানব সম্পদ উন্নয়ন ও প্রশিক্ষণ বিষয়ক বিশেষজ্ঞ নিলুফার আহমেদ করিম। ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখেন আইআরজি ডেভেলপমেন্ট সার্ভিসেস লিমিটেডের চেয়ারম্যান সুখরঞ্জন সুতার।