২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘অনুপ চেটিয়াকে ভারতে হস্তান্তর করা হচ্ছে’

উলফার শীর্ষ নেতা অনুপ চেটিয়াকে ভারতের কাছে হস্তান্তর করা হচ্ছে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2013, 04:14 PM

Updated : 23 Aug 2022, 11:04 AM

এর অংশ হিসেবে তাকে রাজশাহী থেকে কাশিমপুর কারাগারে নেয়া হয়েছে বলে কারা কর্তৃপক্ষ জানিয়েছে।

রাজশাহী কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার তৌহিদুল ইসলাম জানান, ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসাম-উলফার এই নেতাকে বৃহস্পতিবার রাত ১১টার দিকে কঠোর গোপনীয়তা ও নিরাপত্তার মধ্য দিয়ে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) একটি প্রিজন ভ্যানে করে রাজশাহী থেকে গাজীপুরের কাশিমপুর কারাগারে পাঠানো হয়।

শুক্রবার ভোরে ভ্যানটি গাজীপুরের কাশিমপুর কারাগারে পৌঁছায় বলে তিনি জানান।

তিনি বলেন, “তাকে ভারতের কাছে হস্তান্তরের প্রক্রিয়ার অংশ হিসেবে কাশিমপুরে পাঠানো হয়েছে।

“গত ১৩ মে তিনি নিজ দেশে ফেরার জন্য আবেদন করেন। সে আবেদনটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।”

তাকে কাশিমপুর কারাগারে পাঠানোর জন্য বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আদেশ দেয়া হয় বলেও জানান তিনি।