২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেয়ের খোঁজে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান বাবা

চার মাসেও নওগাঁর স্কুলছাত্রী নাভিলার খোঁজ না পেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন তার বাবা।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2013, 04:46 PM

Updated : 25 Apr 2022, 06:54 PM

বৃহস্পতিবার সকালে নাভিলার বাবা নাজমুল হক নভেল জেলা প্রেসক্লাবে এসে সাংবাদিকদের মাধ্যমে মেয়ের খোঁজ পেতে প্রধানমন্ত্রীর আশু হস্তক্ষেপ কামনা করেন তিনি।

২৪ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার সোহাশাঁর গ্রামের বাড়ি থেকে বদলগাছী পাইলট উচ্চ বিদ্যালয়ের উদ্দেশ্যে বের হয়ে আর ফিরে আসেনি সপ্তম শ্রেণীর ছাত্রী নাভিলা হক (১৩)।

নাজমুল হক সাংবাদিকদের বলেন, “আত্মীয়স্বজনের বাড়িসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজ-খবর নিয়েও মেয়েকে না পেয়ে ১৩ এপ্রিল বদলগাছী থানায় মামলা করতে যাই। কিন্তু ওসি সাহেব একটি নিখোঁজ সংক্রান্ত জিডি এন্ট্রি করান।”

এবিষয়ে বদলগাছী থানার ওসি লেনিন আলমগীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নিখোঁজ নাভিলার সন্ধান চেয়ে সব থানায় বার্তা পাঠানো হয়েছে।

নাজমুল বলেন, “মাসের পর মাস পার হলেও একমাত্র মেয়েকে না পেয়ে আমরা আতঙ্কিত।

“আমাদের ভয়- অপহরণ করে হয় তাকে পাচার করেছে অথবা তার সম্ভ্রমহানি করে তাকে হত্যার পর গুম করেছে।”

একমাত্র মেয়েকে ফিরে পেতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশু হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।