আজমতের প্রচারে তারানা হালিম, মান্নানের পক্ষে হেফাজত
গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দল সমর্থিত প্রার্থী আজমত উল্লাহ খানের পক্ষে গণসংযোগ ও প্রচারণায় অংশ নিয়েছেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির সভানেত্রী তারানা হালিম।
অন্যদিকে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দল সমর্থিত মেয়রপ্রার্থী এমএ মান্নানের পক্ষে গণসংযোগে দলের নেতাকর্মীদের অংশ নিয়েছেন হেফাজতে ইসলামের নেতারা।
বৃহস্পতিবার সকাল থেকেই আজমতের পক্ষে দলের নেতাকর্মীরাসহ তারানা হালিম ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের নেতাকর্মীরা গাজীপুর সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকায় গণসংযোগে নামেন।
বোর্ডবাজার এলাকাসহ ৩৬, ৩৭, ৩৯ ও ৪০ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় লিফলেট হাতে নিয়ে ঘুরে ঘুরে আজমতের দোয়াত কলম প্রতীকে ভোট চান তারানা হালিম। গণসংযোগ ও প্রচারণায় তার সঙ্গে ছিলেন সংসদ সদস্য চেমন আরা, মাহফুজা মণ্ডল রিনা ও ফরিদা আক্তার হীরাসহ সাংস্কৃতিক জোট, আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনসহ ১৪ দলের নেতারা।
দুপুরে এসব এলাকায় দোয়াত কলমের পক্ষে প্রচারণায় নেমেছেন আওয়ামী লীগ নেতা এনামুল হক শামিম, পঙ্কজ শাহা, সংসদ সদস্য সানজিদা খানম ও সিমিন হোসেন রিমি, আব্দুল মান্নান, সাবেক ছাত্রলীগ সভাপতি লিয়াকত সিকদার ও মাহমুদ হাসান রিপন এবং সাবেক সাদারণ সম্পাদক রোটনসহ অর্ধশতাধিক নেতাকর্মী।
ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি শারমিন সুলতানা লিলির নেতৃত্বে একদল নেতাকর্মী ২৮ ও ২৯ নম্বর ওয়ার্ডের হাজীবাগ, ভোড়া ও চা বাগানসহ পাশ্ববর্তী এলাকায় গণসংযোগ চালিয়েছেন।
সকাল সাড়ে ৯টায় নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে টঙ্গীর গাজীপুরা এলাকার পোশাক কারখানায় কর্মরত শ্রমিকদের কাছে ভোট চাওয়ার মাধ্যমে গাজীপুরা-খাইলকুর এলাকায় নির্বাচনী প্রচারণা শুরু করেন আজমত উল্লাহ।
এরপর সাইনবোর্ড, জাতীয় বিশ্ববিদ্যালয়, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়সহ অন্তত ২৫টি স্থানের আশপাশে পোশাক কারখানায়র শ্রমিক-কর্মচারীদের কাছে এবং বাসাবাড়িতে গিয়ে ভোটারদের কাছে দোয়াত কলম প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানান।
এসময় তার সঙ্গে ছিলেন সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল ও গাছা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলামসহ স্থানীয় নেতারা।
এছাড়াও মহানগরীর বিভিন্ন এলাকায় গাজীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম মোজাম্মেল হক এমপি, সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউল্লাহ মণ্ডল, ওয়াজ উদ্দিন মিয়া ও রফিজ উদ্দিন রফিকসহ দলের নেতাকর্মীরা আজমত উল্লার পক্ষে জনসংযোগ করেন।
এদিকে সকালে বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারাসহ হেফাজতে ইসলামের গাজীপুর জেলার সাধারণ সম্পাদক মাওলানা ফজলুর রহমানকে সঙ্গে নিয়ে গাজীপুরের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন বিএনপি সমর্থিত প্রার্থী এমএ মান্নান।
টঙ্গীর সেনাকল্যাণ ভবন ও তার আশেপাশের কয়েকটি পোশাক কারখানা, এটলাস মোটরসাইকেল কারখানা, পাগার, ভরান, তিস্তা গেট ও বনমালা রোডসহ বিভিন্ন এলাকায় জনগণের কাছে গিয়ে টেলিভিন প্রতীকে ভোট চান তিনি।
এসময় দলের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আসম হান্নান শাহ, আলতাফ হোসেন চৌধুরী, ফজলুল হক মিলন, রুহুল আমিন চৌধুরী, এনাম আহমেদ চৌধুরী, আব্দুল লতিফ, আমান উল্লাহ আমান, যুবদলের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মীর শরাফত আলী সপু, সুলতান সালাউদ্দিন টুকু ও গাজীপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সুরুজ আহমেদ।
এছাড়াও হেফাজতের যুগ্ম-সম্পাদক নাসির উদ্দিন খান, প্রচার সম্পাদক জহিরুল ইসলাম, মাসুদুর রহমান ও আব্দুল কাদের গণসংযোগে অংশ নেন।
হেফাজতের গাজীপুর জেলার যুগ্ম-সম্পাদক মুফতি নাসির উদ্দিন খান বলেন, আমির আহমদ শফীর নির্দেশে নাস্তিক্যবাদী ১৪ দলের বিরুদ্ধে বিএনপির প্রার্থীর হয়ে কাজ করছেন তারা।
এছাড়াও আজমতের পক্ষে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ও গাজীপুর জেলা ইউনিট কমান্ডের উদ্যোগে সকালে নির্বাচনে মুক্তিযোদ্ধাদের ভূমিকা ঠিক করতে মতবিনিময় সভা হয়। গাজীপুর জেলা ইউনিট কমান্ডার মোজাম্মেল হকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান হেলাল মোর্শেদ খান বীরবিক্রম।
