আন্তর্জাতিক সমুদ্রবিষয়ক সংস্থার সহযোগিতা চান প্রধানমন্ত্রী
দেশের সমুদ্রবিষয়ক কর্মকাণ্ডের উন্নয়নে আন্তর্জাতিক সমুদ্রবিষয়ক সংস্থার (আইএমও) সহযোগিতা চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেছেন, নদীমাতৃক দেশ হওয়ায় বাংলাদেশের সমুদ্র উন্নয়নে ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশনের আরো সহযোগিতার প্রয়োজন।
বৃহস্পতিবার সকালে গণভবনে সংস্থাটির মহাসচিব কোজি সিকিমিঝো দেখা করতে গেলে একথা বলেন প্রধানমন্ত্রী।
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের এ তথ্য জানান।
দেশের জাহাজ নির্মাণ শিল্পের উন্নয়নে বর্তমান সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন শেখ হাসিনা বলেন, বাংলাদেশ এখন বিভিন্ন দেশে জাহাজ রপ্তানি করছে।
বাংলাদেশি নাবিকদের প্রশিক্ষণ, প্রত্যয়ন ও পরিবীক্ষণ ক্ষমতা বাড়াতে আইএমও-এর কারিগরি সহায়তা চান তিনি।
তিনি জানান, তার সরকারের লক্ষ্য হচ্ছে সাধারণ মানুষ ও শ্রমিকদের কল্যাণ নিশ্চিত করা।
উন্নয়নশীল বিশ্বের প্রতিনিধি হিসেবে বাংলাদেশকে ওয়ার্ল্ড মেরিটাইম ইউনিভার্সিটির পরিচালনা পর্ষদে পুনর্বহালে সংস্থাটির সহযোগিতা চান প্রধানমন্ত্রী।
জাহাজ নির্মাণ ও জাহাজ ভাঙা শিল্পে বাংলাদেশের অগ্রগতির প্রশংসা করে কোজি সিকিমিঝো বলেন, এ খাতে এদেশের প্রচুর সম্ভাবনা রয়েছে।
শ্রমিকদের কাজের পরিবেশ ও স্বাস্থ্য সেবার প্রতি আরো মনোযোগী হওয়ার বিষয়ে গুরুত্ব দেন আইএমও মহাসচিব।
এ সময় নৌ পরিবহনমন্ত্রী শাহজাহান খান, অ্যাম্বাসেডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন, নৌ সচিব সৈয়দ মঞ্জুরুল ইসলাম, প্রেস সচিব আবুল কালাম আজাদ ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী আবদুস সোবহান গোলাপ উপস্থিত ছিলেন।
এদিকে এক বার্তায় কাতারের নতুন আমির শেখ তামিম বিন হামাদ আল থানিকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পিতা শেখ হামাদ বিন খলিফা আল থানির ক্ষমতা ছেড়ে দেয়ার পর কাতারের নতুন আমির হিসেবে দায়িত্ব নিয়েছেন শেখ তামিম।
বৃহস্পতিবার পাঠানো অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী বলেন, “আপনার নিয়োগে বাংলাদেশের জনগণ দারুণ খুশি, যাকে বলা যায় ‘নতুন প্রজন্মের দায়িত্ব গ্রহণ’।”
দুদেশের মধ্যকার বন্ধুপ্রতীম গভীর সম্পর্কের উল্লেখ করে তিনি আশা করেন, নতুন নেতৃত্বে ভবিষ্যতে এই উপসাগরীয় দেশটির সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরো গভীর হবে।
এই নেতৃত্ব বিশ্বে শান্তি প্রতিষ্ঠা ও উন্নয়নে অবদান রাখার পাশাপাশি দেশটিকে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে দৃঢ় আস্থা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।
নতুন আমিরের দীর্ঘায়ু, সুস্বাস্থ্যসহ কাতারের ভ্রাতৃপ্রতীম জনগণের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন শেখ হাসিনা।
