নিখোঁজের দুদিন পর মিললো অটোচালকের লাশ
নিখোঁজের দুইদিন পর যশোরের অভয়নগরে মিললো খুলনার এক অটোরিকশা চালকের লাশ।
নিহত রাজু শেখের (৩০) স্ত্রী পাখি বেগম মঙ্গলবার সন্ধ্যায় যশোর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের মর্গে স্বামীর মরদেহ সনাক্ত করেন।
রাজু খুলনার খালিশপুর থানার হাজীপাড়ায় পরিবার নিয়ে বসবাস করতেন।
মঙ্গলবার সকালে অভয়নগর উপজেলার রাজঘাট জাফরপুর হাইস্কুলের পেছনের পুকুর থেকে রাজুর লাশ উদ্ধার করে পুলিশ। রাজুকে শ্বাসরোধে হত্যা করা হয় বলে জানান অভয়নগর থানার ওসি কাজী আবদুস ছালেক।
পাখি বেগম সাংবাদিকদের জানান, রাজু রোববার সকালে বাড়ি থেকে তার অটোরিকশা নিয়ে বের হন। রাত সাড়ে ৯টার পর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
রাজুর খোঁজ না পেয়ে সোমবার অটোরিকশার মালিক মাসুদ খুলনার সোনাডাঙ্গা থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করেন।
রাজুকে হত্যা করে অটোরিকশাটি ছিনতাই করেছে দুর্বৃত্তরা, ধারণা পাখি বেগমের।
