সিরাজগঞ্জে ট্রাকচাপায় আট অটোরিকশা আরোহী নিহত
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে একই পরিবারের পাঁচজনসহ মোট আটজন নিহত হয়েছেন।
মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জ-বগুড়া মহাসড়কের ঘুড়কা বেলতলা এলাকায় এ সংঘর্ষ হয় বলে পুলিশ জানিয়েছে।
মহাসড়কে দায়িত্বরত ট্রাফিক পুলিশের সার্জেন্ট গোলাম কিবরিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
হতাহতরা সবাই অটোরিকশার যাত্রী বলে পুলিশ জানায়।
হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আলী ফরিদ আহম্মেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, একটি নিমন্ত্রণে এই পরিবারের সদস্যরা ঘুড়কার রয়হাট্টি গ্রামে যাচ্ছিলেন।
বেলা সাড়ে ১২টার দিকে বিপরীতমুখী একটি ট্রাকের সঙ্গে ওই সিএনজি অটোরিকশার সংঘর্ষ হলে ঘটনাস্থলে চারজন এবং হাসপাতালে চারজন মারা যান।
দুর্ঘটনার পর ট্রাকের চালক পালিয়ে গেছে। এ ঘটনায় মামলা হয়েছে বলে জানান ওসি।
তবে অটোরিকশার যাত্রী বাবুর মৃত্যু নিশ্চিত করতে না পারলেও স্থানীয় ছাত্রনেতা মোরশেদ হাসান রাজিব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হাসপাতালে নেয়ার পথে বাবুর মৃত্যু হয়।
তার লাশ বাড়িতে আনার পর জানাযার প্রস্তুতি চলছে।
