২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাংকগুলোতে নিয়োগের সর্বোচ্চ বয়স ৩০

কর্মকর্তা-কর্মচারী নিয়োগে নির্ধারিত সর্বোচ্চ বয়সসীমার সরকারি বিধি মানছে না বাণিজ্যিক ব্যাংকগুলো।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2013, 01:51 PM

Updated : 23 Aug 2022, 11:03 AM

তাই তফসিলি ব্যাংকগুলোতে নিয়োগের ক্ষেত্রে বিধিমোতাবেক ৩০ বছরের বয়সসীমা মেনে চলা বাধ্যতামূলক করে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

রোববার দেশে কার‌্যরত তফসিলি ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে বাংলাদেশ ব্যাংকের পাঠানো এক প্রজ্ঞাপনে এবিষয়ে নির্দেশনা দেয়া হয়েছে।

ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের মহাব্যবস্থাপক কেএম আব্দুল ওয়াদুদের সই করা প্রজ্ঞাপনে বলা হয়, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, ব্যাংকসমূহের কর্মকর্তা/কর্মচারী নিয়োগে সরকারি নিয়োগবিধি অনুসরণ না করে নিজস্ব বিবেচনায় নিয়োগপ্রার্থীর সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ করা হচ্ছে। ফলে নিয়োগক্ষেত্রে অসমতা পরিলক্ষিত হওয়ার পাশাপাশি ব্যাংকের সামাজিক গ্রহণযোগ্যতা ক্ষুণ্ন হচ্ছে।

“এ প্রেক্ষিতে ব্যাংকের কর্মকর্তা/কর্মচারীদের নতুন নিয়োগের ক্ষেত্রে সরকারী বিধিমালার অনুসরণে নিয়োগপ্রার্থীর সর্বোচ্চ বয়সসীমা ৩০(ত্রিশ) বছর নির্ধারণ করার জন্য ব্যাংকসমূহকে নির্দেশ দেয়া যাচ্ছে।”

বাংলাদেশ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা জানান, সম্প্রতি কয়েকটি বেসরকারি ব্যাংক চাকরির নিয়োগ বিজ্ঞাপনে নিয়োগপ্রার্থীর সর্বোচ্চ বয়সসীমা ২৭ বছর উল্লেখ করেছে। ইতিমধ্যে ওইসব বিজ্ঞাপনের কপিসহ অর্থ মন্ত্রণালয় থেকে বাংলাদেশ ব্যাংকে চিঠি পাঠিয়ে ব্যাংকগুলোতে সরকারি নিয়োগবিধির অণুসরণ নিশ্চিত করতে বলা হয়েছে।

তারা জানান, দেশের আর্থসামাজিক পরিস্থিতি, শিক্ষা ব্যবস্থা ও পদ্ধতি বিবেচনায় নিয়ে সরকার চাকরির বয়সসীমা ৩০ বছর নির্ধারণ করেছে। মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য আরো দুই বছর বাড়িয়ে ৩২ বছর করা হয়েছে। কিন্তু বেসরকারি ব্যাংকগুলো ৩০ বছরের কম বয়সী নিয়োগপ্রার্থীদের সুযোগ দিলে চাকরির ক্ষেত্রে অসমতা সৃষ্টি হবে।