বরগুনা পলিটেকনিকে সংঘর্ষ, গ্রেপ্তার ৯
অধ্যক্ষের অপসারণ দাবিতে সড়ক অবরোধ করা নিয়ে বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে।
বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত দফায় দফায় সংঘর্ষে পুলিশসহ কমপক্ষে ২৫ জন আহত হন। ঘটনাস্থল থেকে নয় ছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হচ্ছেন- সাখাওয়াত হোসেন, ইমরান হোসেন, মনির হোসেন, নজরুল ইসলাম, আবুল হোসেন, সাইফুল ইসলাম, দিদারুল ইসলাম, লুকতাবিন হাবিব ও আবুল হাসান।
গ্রেপ্তারকৃত শিক্ষার্থীরা জানিয়েছেন, যৌন হয়রানি এবং বিভিন্ন অনিয়মের অভিযোগে অধ্যক্ষ মো. মাসুদুর রহমানের অপসারণের দাবিতে ১ জুন থেকে বিক্ষোভ সমাবেশ, মানববন্ধন ও স্মারকলিপি দেয়াসহ নানা কর্মসূচি পালন করেছেন তারা।
“আন্দোলনের ফলে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে ৭ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হলেও এখন পর্যন্ত কোনো প্রতিবেদন দেয়া হয়নি।”
তাই অধ্যক্ষের অপসারণ দাবি করে সকাল দশটার দিকে বরগুনা-বড়ইতলা-কাকচিড়া সড়ক অবরোধ করা হয় বলে জানান তারা।
বরগুনা থানার ওসি (তদন্ত) পুলক চন্দ্র রায় বলেন, সড়ক অবরোধের খবর শুনে বরগুনা থানার ওসি শীলমনি চাকমার নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা চালালে তারা লাঠি নিয়ে পুলিশের ওপর হামলা চালায়।
“এ সময় পুলিশ টিয়ার সেল ও রাবার বুলেট ছুঁড়ে শিক্ষার্থীদের পিছু হটালেও তারা ইটের টুকরা নিক্ষেপ করতে থাকে। এতে ওসি শীলমনি চাকমা, এসআই বশির উদ্দিন, কনস্টেবল বেলাল, পলাশ, সাব্বিরসহ ৬ পুলিশ সদস্য আহত হন। ওসিসহ আহত ২ জনকে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।”
পুলক চন্দ্র রায় জানান, দুপুর দুইটার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
বরগুনার পুলিশ সুপার শ্যামল কুমার নাথ বলেন, পুলিশের ওপর হামলা ও সড়ক অবরোধ করে বিশৃঙ্খলার অভিযোগে দুটি মামলা হয়েছে।
