খোলা আকাশের নীচে স্কুল
বিদ্যালয় ভবন ঝুঁকিপূর্ণ হওয়ায় খোলা আকাশের নিচে পাঠদান চলছে নওগাঁর মহাদেবপুর উপজেলার শালবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।
বিদ্যালয়ের দুটি ভবনের একটি পাঁচ বছর আগে পরিত্যক্ত ঘোষণার পর চলতি বছর অন্য ভবনটিও একদিকে হেলে যাওয়ায় তাদের পাঠদানে প্রয়োজনীয় শ্রেণিকক্ষের সঙ্কট দেখা দেয়।
এ ব্যাপারে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলমগীর হোসেন বলেন, পরিত্যাক্ত ভবন দুটি অপসারণসহ জরুরি ভিত্তিতে নতুন ভবন নির্মাণের জন্য শিক্ষা অধিদপ্তরে একাধিকবার লিখিত আবেদন করা হয়েছে।
“কিন্তু আজ অবধি কোন ফল হয়নি।”
এ বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে জানালেও নতুন ভবন নির্মাণে কোনো অগ্রগতি হয়েছে কি-না তা জানাতে পারেননি মহাদেবপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বদিউদজ্জামান।
১৯৪৮ সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়ের প্রথম ভবন নির্মাণ করা হয় ১৯৬১ সালে। ২০০৯ সালে এলজিইডি পরিত্যক্ত ঘোষণা করে ওই ভবনটিকে।
১৯৯৪ সালে নির্মিত আরেকটি ভবনে ফাটল দেখা দেয়ায় এবং হেলে পড়ায় চলতি বছরের এপ্রিলে সেখানেও পাঠদান বন্ধ করে দেয় বিদ্যালয় কর্তৃপক্ষ। এর ফলে ওই বিদ্যালয়ের পাঠদান খোলা আকাশের নিচেই চালাতে হচ্ছে।
বর্ষাকাল শুরু হলেও এর বিকল্প কোনো ব্যবস্থা করা সম্ভব হয়নি বলে জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ।
