২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অপসোনিন কারখানায় শ্রমিক বিক্ষোভ, ভাংচুর

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলনরত শ্রমিকরা ওষুধ তৈরির প্রতিষ্ঠান অপসোনিন ফার্মাসিউটিক্যালস এর বরিশালে অবস্থিত মূল কারখানায় ভাংচুর চালিয়েছে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2013, 12:29 PM

Updated : 13 Oct 2022, 02:52 PM

মঙ্গলবার দুপুরের দিকে বিক্ষুদ্ধ শ্রমিকরা নগরীর বগুড়া রোডের কারখানায় ভাংচুর করে। ভাংচুরের অভিযোগে পুলিশ ৭ জনকে আটক করেছে।

কোতয়ালী থানার ওসি সাখাওয়াত হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বেশ কিছুদিন ধরেই শ্রমিকরা বেতন-ভাতা বাড়ানোর দাবি জানিয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় দুপুরে আন্দোলনরত শ্রমিকরা কর্তৃপক্ষকে আবারো বেতন-ভাতা বাড়ানোর দাবি জানিয়ে কারখানার ভিতরে মিছিল করে। এ সময় তারা কর্মকর্তাদের অবরুদ্ধ করে রাখে।

একপর্যায়ে তারা কারাখানায় ভাংচুর করে বলে অভিযোগ করেন ওসি।

তিনি জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে ১১০ রাউন্ড রাবার বুলেট  ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে পিরিস্থিতি নিয়ন্ত্রণে ।এন। পুলিশ ঘটনাস্থল থেকে ৭ জনকে আটক করেছে। এ ঘটনায় মামলা হবে।

আন্দোলনরত শ্রমিক মজিবুল শাহীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শ্রমিকরা তাদের বেতন-ভাতা বাড়ানোর দাবিতে আন্দোলন করছিল। আন্দোলনের মুখে কর্তৃপক্ষ তাদের দাবি মানারও আশ্বাস দেয়।

কিন্তু দাবি বাস্তবায়ন না হওয়ায় মঙ্গলবার দুপুরে বেশ কিছু শ্রমিক উত্তেজিত হয়ে কারখানায় দরজা-জানালা ভাংচুর করে বলে জানান মজিবুল।

তিনি দাবি করেন, পুলিশের গুলিতে তাদের দুই শ্রমিকসহ ১০ জন আহত হন। আহ৮তদের মধ্যে দুজনকে শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে অপসোনিন ফার্মাসিটিক্যালস এর প্রশাসনিক কর্মকর্তা সাইদুর রহমান জানান, শ্রমিকদের দাবি নিয়ে মালিকপক্ষের সঙ্গে আলোচনা করা হয়েছে। মালিকপক্ষ তাদের দাবি মেনে নেয়ার আশ্বাসও দিয়েছেন।

কিন্তু শ্রমিকরা দাবি বাস্তবায়নের সময় না দিয়ে কারখানায় ভাংচুর করেছে অভিযোগ করে সাইদুর রহমান বলেন, এতে কয়েক কোটি টাকার মতো ক্ষতি হয়েছে।

২০-২২ দিন আগে অপসোনিন কোম্পানির সহযোগি প্রতিষ্ঠান নগরীর পশ্চিম বগুড়া রোডের ‘অপসো স্যালাইন’ ও রূপাতলী এলাকার ‘অপসো গ্লোবাল’ এর শ্রমিকরাও একই দাবিতে বিক্ষোভ দেখায়।