কায়সারের বিরুদ্ধে পরবর্তী প্রতিবেদন ১৮ জুলাই
একাত্তরে মানকতাবিরোধী অপরাধে অভিযুক্ত সাবেক প্রতিমন্ত্রী সৈয়দ মোহাম্মদ কায়সারের বিরুদ্ধে তদন্তের চূড়ান্ত বা অগ্রগতির প্রতিবেদন ১৮ জুলাই দাখিল করতে বলেছে ট্রাইব্যুনাল।
এদিন কায়সারের বিরুদ্ধে তদন্তে অগ্রগতির প্রতিবেদন দাখিল করেন প্রসিকউটর রানা দাশগুপ্ত।
গত ১৫ মে কায়সারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। আদালতের নির্দেশের পর ওইদিন রাতে গ্রেপ্তার করা হয় মুসলিম লীগের সাবেক এই নেতাকে। এরপর তাকে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়।
২১ মে বিকাল পৌনে ৪টায় কায়সারকে হাসপাতাল থেকে ট্রাইব্যুনালে হাজির করে পুলিশ। পরদিন কায়সারের জামিন আবেদন খারিজ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় ট্রাইব্যুনাল।
কায়সারের বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালে নিজের নামে (কায়সার বাহিনী) রাজাকার বাহিনী গঠন করে হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়াসহ বৃহত্তর কুমিল্লায় হত্যা, গণহত্যা, মুক্তিযোদ্ধা হত্যা, ধর্ষণ, হামলা, নির্যাতন, লুটপাট ও অগ্নিসংযোগসহ ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানোর অভিযোগ রয়েছে।
হবিগঞ্জের বাসিন্দা কায়সার তিন যুগ আগে জিয়াউর রহমানের আমলে বিএনপিতে যোগ দেন। এইচএম এরশাদের সময়ে তিনি কৃষি প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
