২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হারের শঙ্কায় বিএনপির মিথ্যাচার: নাসিম

সিটি করপোরেশন নির্বাচনে পরাজিত হওয়ার আশঙ্কা থেকেই বিরোধী দল ‘মিথ্যাচার’ করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বারাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2013, 02:10 PM

Updated : 23 Aug 2022, 10:59 AM

জনগণ যে রায় দেবে আওয়ামী লীগ তা মেনে নেবে বলে জানিয়েছেন ক্ষমতাসীন দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।

শনিবার রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট সিটি কর্পোরেশনে দিনভর ভোট চলে। ক্ষমতাসীন ও বিরোধী দলের প্রার্থীরাসহ মোট ১২ জন চার শহরের মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।

বিকালে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নাসিম বলেন, "বিরোধী দল পরাজয়ের আশঙ্কায় এই গ্রাউন্ড তৈরি করে রাখছে। তাদের অভিযোগ মিথ্যা, বানোয়াট। তাদের বক্তব্যের মূল ভিত্তি হচ্ছে মিথ্যাচার। এটা তাদের পুরোনো অভ্যাস।"

আগের কয়েকটি স্থানীয় সরকার নির্বাচন বর্জন করে আসা বিএনপি এই চার সিটির ভোটে প্রার্থীদের সমর্থন দেয়ায় নির্বাচন নিয়ে তৈরি হয় টান টান উত্তেজনা।  

ভোটগ্রহণের সময়ই দুপুরে নির্বাচন কমিশনে গিয়ে সুনির্দিষ্ট লিখিত অভিযোগ দেয় বিএনপির একটি প্রতিনিধি দল। তাদের অভিযোগ, নির্বাচন শতভাগ সুষ্ঠু হয়নি।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নাসিম বলেন, “প্রতিটি নির্বাচনের আগেই বিএনপি সেনা মোতায়েন দাবি করে। নির্বাচন শেষে নির্বাচন সুষ্ঠু হয়নি বলে অভিযোগ তোলে। আবার নির্বাচনের জয় পেলে মুখে কুলুপ আঁটে।”

বরিশালে বিএনপির প্রার্থীকে লাঞ্ছিত করার অভিযোগ অস্বীকার কারে নাসিম বলেন, “আমরা তো শুনেছি, সেখানে আমাদের প্রার্থী হিরনকেই লাঞ্ছিত করা হয়েছে। তাছাড়া সেখানে আবুল হোসেন নামে যে ব্যক্তির কথা বলা হয়েছে, তিনি তো বহিরাগত। আবুল হোসেন তো সেই সিটির ভোটারও না।তিনি সেখানে গেলেন কীভাবে? তার তো সেখানে থাকার কথা নয়।”

আইনশৃঙ্খলার রক্ষাকারী বাহিনী শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে নির্বাচন কমিশনকে সাহায্য করেছে মন্তব্য করে সাবেক এই স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সিলেট, বরিশাল, রাজশাহী, খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে সকাল থেকেই জনসাধারণ শান্তিপূর্ণভাবে উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করেছেন।

“বিএনপির পক্ষ থেকে যে অভিযোগ করা হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন; সত্যের অপলাপ।”

রাজধানীর কাওরান বাজারে টিসিবি ভবনের নিজ কার্যালয়ে বসে বিরোধী দলের বিরুদ্ধে একই ধরনের অভিযোগ করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।

তিনি বলেন, সিটি করপোরেশন নির্বাচনকে বিতর্কিত করতেই বিএনপি নেতারা ঢাকায় বসে ‘মিথ্যাচার’ করছেন।

“বিএনপি নেতৃবৃন্দ ঢাকায় বসে যে অভিযোগ করছেন তার কোনো সত্যতা নেই। তারা এ ধরনের কাল্পনিক অভিযোগ তুলে বিভ্রান্তি ছড়াতে চাইছেন। এর মাধ্যমে তারা নির্বাচনকে বিতর্কিত করতে চান।”

প্রধানমন্ত্রীর এই বিশেষ সহকারীর মতে, বিরোধীদল শুধু বিরোধিতার জন্যই এসব অভিযোগ করছে।

“নির্বাচনে অংশগ্রহণকারী ভোটাররা বলেছেন, অবাধ ও সুষ্ঠুভাবে নির্বাচন হচ্ছে। আর বিএনপির কেন্দ্রীয় নেতাদের অভিযোগ শুনে প্রার্থীরাও অবাক হয়েছেন।”

বিএনপি নেতারা এভাবে ‘মিথ্যাচার’ করে শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ নষ্ট করার ‘অপপ্রয়াস’ চালাচ্ছে মন্তব্য করে হানিফ তাবি করেন, বর্তমান সরকারের সময়ে সব নির্বাচন ‘সুষ্ঠু ও নিরপেক্ষ’ হয়েছে।

তারপরও বিএনপি তাদের তত্ত্বাবধায়ক সরকারের দাবিকে ‘যৌক্তিকতা দেয়ার’ জন্য এ ধরনের মিথ্যাচার চালাচ্ছে বলে মন্তব্য করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

নির্বাচনে জনগণের দেয়া রায় মেনে নিতে সবার প্রতি আহ্বান জানিয়ে হানিফ বলেন, নির্বাচনের ফলাফল বড় কথা নয়, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হওয়াটাই বড় কথা।

“জনগণের রায়ের প্রতি আমরা শ্রদ্ধাশীল। জনগণ যে রায় দেবে আমরা তা মেনে  নেব।”