অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে: ইসি
কোনো ধরনের অনিয়ম ছাড়াই চার সিটি কর্পোরেশনে নির্বাচনে ভোটগ্রহণ চলছে বলে দাবি করেছে নির্বাচন কমিশন।
ইসি সচিব মোহাম্মদ সাদিক একইসঙ্গে বলেছেন, প্রধান বিরোধী দল বিএনপি যে সব অভিযোগ তুলেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
শনিবার সকাল ৮টা থেকে রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটগ্রহণ চলছে।
বরিশালে একটি কেন্দ্রে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থীর এজেন্টকে বের করে দেয়া, খুলনায় একটি কেন্দ্রে ভয়ভীতি প্রদর্শন এবং সিলেটে র্যাব সদস্যরা ভোটারদের জাতীয় পরিচয়পত্র পরীক্ষা করছে বলে অভিযোগ তুলেছে বিএনপি।
এই বিষয়ে সচিব বলেন, “আমরা বিষয়টি খতিয়ে দেখেছি। বরিশালে এজেন্ট বের করে দেয়ার ঘটনা ঘটেনি, খুলনায় কাউকে ভয়ভীতি দেখানো হয়নি।”
ভোট দিতে জাতীয় পরিচয়পত্রের প্রয়োজন নেই জানিয়ে তিনি বলেন, কেন্দ্রের বাইরে এজেন্টদের কাছে থাকা ভোটার তালিকায় ছবি থাকে না। শুধু কেন্দ্রের তালিকায় ছবি থাকে।
“এ নিয়ে কোনো পরিস্থিতির উদ্ভব হতে পারে। কিন্তু রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন, এ ধরনের ঘটনাও ঘটেনি।”
বেলা ১২টায় ইসির সম্মেলন কক্ষে ভোটের সার্বিক পরিস্থিতি তুলে ধরে ইসি সচিব জানান, চার নগরে প্রতি ঘণ্টায় ১০ শতাংশ করে ভোট পড়ছে।
বেলা ১১টা পর্যন্ত রাজশাহীতে ২৮ শতাংশ, খুলনায় ২৯ শতাংশ, বরিশালে ৩৫ শতাংশ ও সিলেটে ৩২ শতাংশ ভোট পড়েছে।
শেষ পর্যন্ত ৮০ শতাংশ ভোট গ্রহণ হতে পারে আভাস দিয়ে সাদিক বলেন, “সর্বশেষ একটি পৌর নির্বাচনে ৮৭ শতাংশ ভোট পড়ে। ২০০৮ সালে এ চার সিটিতেও প্রায় ৮০ শতাংশ ভোট পড়েছিলো।”
এদিকে এরপরই বিএনপির একটি প্রতিনিধি দল অনিয়মের বিভিন্ন অভিযোগ নিয়ে নির্বাচন কমিশনে যান। তারা বলেন, নির্বাচনে প্রভাব খাটানো হচ্ছে।
চার সিটি কর্পোরেশনে নির্বাচনের এই দিনে সকাল ১০টা পর্যন্ত ইসি সচিবালয়ে কোনো কমিশনার কিংবা সচিবকে দেখা যায়নি।
বিএনপি নেতারা এনিয়েও প্রশ্ন তুলেছেন।
সকাল থেকে ইসির অতিরিক্ত সচিব সিরাজুল ইসলামকেই নির্বাচনের বিভিন্ন খবরাখবর নিতে দেখা যায়।
ইসি কর্মকর্তারা সাংবাদিকদের বলেন, নির্বাচন কমিশনাররা গণমাধ্যম ও ব্যক্তিগত উদ্যোগে মাঠপর্যায়ে যোগাযোগ রাখছেন ঘরে বসেই।
তবে সোয়া ১০টার দিকে ইসিতে আসেন সচিব মোহাম্মদ সাদিক। এরপর নির্বাচন কমিশনাররা আসেন। কমিশনাররা জানান, প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ অসুস্থ।
