২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে প্রার্থীকে মারধর, টাকাসহ আটক ৩

সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনের কয়েকঘণ্টা আগে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর অনুসারীদের মারধরের শিকার হয়েছেন এক কাউন্সিলর প্রার্থী। এছাড়া টাকাসহ আটক হয়েছেন তিন জন।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2013, 05:57 PM

Updated : 25 Apr 2022, 06:51 PM

শুক্রবার রাত পৌনে ৮টার দিকে আম্বরখানা বড়বাজার এলাকায় পাঁচ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী জুবের খানকে মারধর করা হয়।

তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে বিমান বন্দর থানার ওসি খায়রুল ফজল জানান, নির্বাচনী কাজে আম্বরখানা বড়বাজার এলাকায় গেলে জুবের খানের উপর অতর্কিত হামলা চালায় কয়েকজন যুবক।

জুবের খানের ছেলে জুনেদ খান অভিযোগ করেন, প্রতিদ্বন্দ্বী ফ্যান প্রতীকের প্রার্থী রেজওয়ান আহমদের কর্মী-সমর্থকরা তার বাবার উপর হামলা চালিয়েছে।

এদিকে এ ঘটনার আগে জুবের খানের পক্ষে টাকা বিতরণকালে জামাল আহমদ (৩৫) নামে একজনকে আটক করে পুলিশ।

বিমানবন্দর থানার ওসি খায়রুল ফজল জানান, আম্বরখানা এলাকায় অবৈধভাবে অর্থ বিতরণ করার সময় তার কাছ থেকে নগদ সাড়ে ১৮ হাজার টাকা এবং টাকা বিতরণকাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

এছাড়া রাত সাড়ে ১০ টায় মুসারগাঁও এলাকা থেকে আরো দুইজনকে আটক করে দক্ষিণ সুরমা থানা পুলিশ।

পুলিশ জানিয়েছে, ২৫ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী তৌফিক আহমদ চৌধুরীর পক্ষে টাকা বিতরণ কালে মুসারগাঁও এলাকা থেকে গাজী আহমদ ও কাদিম উদ্দিন নামের দুই জনকে আটক করেছে তারা।

দক্ষিণ সুরমা থানার ওসি নাসির উদ্দিন জানান, নগদ ১১ হাজার টাকাসহ ওই দুই জনকে আটক করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত তাদের ১০ হাজার টাকা জরিমানা করেছেন। অনাদায়ে একমাসের কারাভোগ করতে হবে তাদের।