কামালের অভিযোগ নাকচ করলেন হিরন
বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী আহসান হাবিব কামাল সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান নিয়ে আশঙ্কা প্রকাশ করলেও আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী শওকত হোসেন হিরন তা নাকচ করে দিয়েছেন।
হিরনকে উদ্ধৃত করে তার ব্যক্তিগত সহকারী মঞ্জুরুল ইসলাম খান মঞ্জু এ কথা বলেন।
এর আগে শুক্রবার নগরীর সদর রোডে টাউন হলে বিএনপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আহসান হাবিব কামাল নির্বাচন সুষ্ঠু হওয়ার বিষয় নিয়ে আশঙ্কা প্রকাশ করেন। সংবাদ সম্মেলনে আহসান হাবিব কামাল উপস্থিত থাকলেও তার পক্ষে বক্তব্য পড়ে শোনান বরিশাল দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক এবাদুল হক চান।
এবাদুল হক সাংবাদিকদের বলেন, “বরিশাল সিটি কর্পোরেশনের ৩০টি ওয়ার্ডের নির্বাচনী কেন্দ্রগুলোর পোলিং এজেন্ট ও সমর্থকদের হয়রানি করছে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এজেন্টরা আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে দিচ্ছে।”
এদিকে আরেক মেয়র প্রার্থী মাহমুদুল হক মামুনের সঙ্গে যোগযোগ করা হলে তিনিও কামালের মতো নির্বাচন সুষ্ঠু হওয়ার বিষয় নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন।
