নতুন ভোটার-বস্তিবাসী-শ্রমিকরা ‘ফ্যাক্টর’ খুলনায়
খুলনা নগর পিতা নির্বাচন করতে নতুন ভোটার, বস্তিবাসী এবং শ্রমিকরা ‘প্রভাবক’ হিসেবে কাজ করবে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।
এছাড়া এবার মেয়র নির্বাচনে ব্যক্তির চেয়ে দলের ইমেজই ‘গুরুত্বপূর্ণ’ হয়ে উঠবে বলেও মনে করেন তারা।
সুসাশনের জন্য নাগরিক (সুজন) এর খুলনার সভাপতি অধ্যাপক মোহাম্মদ জাফর ইমাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ বছর প্রচুর নতুন ভোটার হয়েছে যারা জীবনে প্রথমবার ভোটাধিকার প্রয়োগ করবেন। তারা নির্বাচনে একটি গুরুত্বপূর্ণ অবদান রাথবেন।
“খুলনায় প্রচুর বস্তি আছে। এদের ভোট সব সময়ই গুরুত্বপূর্ণ। তারা ডিসাইড করতে পারে আসলে কে মেয়র হচ্ছেন। এছাড়া খালিশপুর শিল্পাঞ্চলের শ্রমিকরা গত পাঁচ বছরে কী পেয়েছে এবার ভোট দেয়ার সময় সেটাও তারা ভাববেন।”
নির্বাচন কমিশনের দেওয়া তথ্য মতে, খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে এ বছর মোট ৪ লাখ ৪০ হাজার ৫৬৬ জন ভোটার ২৮৮টি কেন্দ্রে ভোট দেবেন। এর মধ্যে এবার নতুন ভোটার হয়েছেন প্রায় ৪১ হাজার, নগরীতে বস্তিবাসীদের ভোট প্রায় এক লাখ, হিন্দু সম্প্রদায়ের ভোটার ৭০ হাজার এবং ৬০ হাজার ভোটার শ্রমিক।
নির্বাচনের সার্বিক পরিস্থিতি সম্বন্ধে জাফর ইমাম জানান, পরিবেশ এখন পর্যন্ত তার কাছে শান্তিপূর্ণই। তবে নদীর তীরবর্তী এলাকাগুলোতে কয়েকটি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্ণিত করেছে নির্বাচন কমিশন।
তিনি বলেন, “এর আগের নির্বাচনগুলোতে জনগণ ব্যক্তি ইমেজ দেখে ভোট দিয়েছিল। কিন্তু এ বছর দলীয় বিষয়টি প্রধান্য পাবে বলে মনে হচ্ছে।”
স্থানীয়রা জানান, বস্তিবাসি ও শ্রমিকদের সমর্থন পেতে শুরু থেকেই মরিয়া ছিলেন ১৪ দল সমর্থিত মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক এবং ১৮ দলীয় সমর্থিত প্রার্থী মনিরুজ্জামান মনি। এ জন্য দফায় দফায় বস্তি এবং শ্রমিক অধ্যূষিত এলাকাগুলোতে প্রচারণা চালাতে দেথা যায় তাদের।
দুই প্রার্থীই পরস্পরের বিপক্ষে অভিযোগ করেছেন, বস্তি ও শ্রমিকাঞ্চলে কালো টাকা ছড়ানো হচ্ছে।
এ বিষয়ে সুজন সভাপতি জাফর ইমাম বলেন, “এ এলাকাগুলোতে কালো টাকা ছড়ানো হয়েছে এমন আশঙ্কা একেবারেই অমূলক নয়।”
এছাড়া মেয়র নির্বাচনে খুলনায় অবস্থান করা বাগেটহাটের ভোটাররা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে মনে করেন স্থানীয় এ রাজনৈতিক বিশ্লেষক।
নিবাচন কমিশনের মতে, এবার প্রায় ৫০ হাজার ‘অভিবাসী’ ভোট রয়েছে।
প্রধান দুই প্রার্থীর অবস্থান সম্পর্কে বলতে গিয়ে জাফর ইমাম বলেন, খুলনা নগরীতে ১৮ দলীয় জোটভূক্ত জামায়াতে ইসলামীর কোন প্রার্থী নেই। তাদের কিছু ভোট আছে। এর সুবিধা মনি কিছুটা পাবেন।
অন্যদিকে মহাজোটভূক্ত জাতীয় পার্টির একজন প্রার্থী থাকায় খালেকের তো কিছুটা সমস্যা হবেই। তবে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবিসহ বামপন্থী দলগুলো খালেককে সমর্থন দেওয়ায় তিনি ভোটের ক্ষেত্রে কিছুটা সুবিধা পাবেন বলেই মনে করছেন জাফর ইমাম।
