রেস্তোরাঁ থেকে সন্দেহভাজন ২১ শিক্ষার্থী আটক
রাজধানীর ওয়ারীর একটি রেস্তোরাঁ থেকে সন্দেহভাজন ২১ জনকে আটক করেছে পুলিশ, যারা কোনো উগ্রবাদী ইসলামী সংগঠনের কর্মী বলে ধারণা করা হচ্ছে।
ওয়ারি পুলিশের উপ কমিশনার ইলিয়াস শরীফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আটক এই ২১ জনের মধ্যে ১১ জন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়-বুয়েটের শিক্ষার্থী। তিনজন বুয়েটের সাবেক ছাত্র।
ওয়ারী থানার ওসি তপন চন্দ্র সাহা জানান, বৃহস্পতিবার গভীর রাতে কাপ্তান বাজারের স্টার রেস্তোরাঁ থেকে তাদের আটক করা হয়।
“গোপন সংবাদের ভিত্তিতে আমরা স্টার হোটেলে অভিযান চালাই। সেখানে গিয়ে দেখি ৭২ জনের একটি দল আলোচনা করছে। যাদের অধিকাংশই বুয়েটের শিক্ষার্থী।”
তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর ৫১ জনকে বুয়েট প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি ২১ জনকে শুক্রবার সকালে ওয়ারী থানায় নিয়ে আসা হয়।
“জিজ্ঞাসাবাদের পর বোঝা যাবে তারা কোনো নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না।”
তবে উপ কমিশনার ইলিয়াস শরীফ বলেন, “তারা ইসলামিক এক্সট্রিমিস্ট বলে আমরা সন্দেহ করছি।”
এ বিষয়ে জানতে চাইলে বুয়েটের ছাত্রকল্যাণ উপদেষ্টা দেলোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি শুনেছি গতকাল রাতে কাপ্তান বাজারের একটি রেস্তোরাঁয় কিছু ছেলে ইসলামিক বই পড়ছিল। তাদের কাছে ইসলামিক প্রচারপত্রও ছিল।”
পুলিশ সেখানে গিয়ে ৫১ জনকে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দিয়েছে এবং কয়েকজনকে আটক করে নিয়ে গেছে জানালেও তাদের মধ্যে বুয়েটের কেউ নেই বলে দাবি করেন দেলোয়ার হোসেন।
