২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হল-মার্ক এমডির জামিন নাকচ

সোনালী ব্যাংকের ঋণ জালিয়াতির এগার মামলায় হল-মার্কের ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ ও মহাব্যবস্থাপক তুষার আহমেদের জামিন নাকচ করেছে আদালত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2013, 05:24 PM

Updated : 23 Aug 2022, 10:58 AM

ঢাকার মহানগর দায়রা জজ মো. জহুরুল হক বৃহস্পতিবার এ আদেশ দেন।

আসামিদের আইনজীবী আদালতকে বলেন, গত সাত মাস আসামিরা কারাগারে রয়েছেন। তাদের শারীরিক অবস্থা খুব খারাপ। মামলায় আসামিদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ আনতে পারেনি পুলিশ। আসামিদের জামিন দেয়া হোক।

অপরদিকে রাষ্ট্রপক্ষে দুদকের আইনজীবী এম এ সালাম আদালতকে বলেন, ঋণ জালিয়াতি করে মামলার আসামিরা সোনালী ব্যাংকের বিপুল অংকের টাকা হাতিয়ে নিয়েছেন। মামলা তদন্তাধীন। তাদের জামিন আবেদন নাকচ করা হোক।

উভয়পক্ষের শুনানি শেষে বিচারক আসামিদের জামিন আবেদন নাকচ করেন।

এ দিকে গত ১১ জুন হল-মার্কের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার তানভীর মাহমুদসহ সাত আসামিকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ  দেয় আদালত।

আগামী ১৬ জুন জেলগেটে এ আসামিদের জিজ্ঞাসাবাদ করবে মামলার তদন্ত কর্মকর্তারা।

মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপ-পরিচালক মজিবুর রহমানের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর হাকিম আতাউল হক মঙ্গলবার এ আদেশ দেন।

তানভীর ছাড়া আর যাদের জিজ্ঞাসাবাদ করা হবে এরা হলেন হল-মার্কের চেয়ারম্যান জেসমিন ইসলাম, হলমার্কের ব্যবস্থাপক তুষার আহমেদ, সোনালী ব্যাংকের সাবেক ডিজিএম এ কে এম আজিজুর রহমান, সোনালী ব্যাংকের জিএম মীর মহিদুর রহমান, সোনালী ব্যাংকের শেখ আলতাফ হোসেন ও শফিজ উদ্দিন আহমেদ।

হল-মার্ক কেলেঙ্কারির ঘটনায় গত বছরের ৪ অক্টোবর মামলা করে দুদক। এ মামলায় মোট আসামির সংখ্যা ২৭ জন। এর মধ্যে সোনালী ব্যাংকের কর্মকর্তা আসামি হিসেবে আছেন ২০ জন আর হল-মার্ক গ্রুপের সাত জন।

এ মামলায় ২৭ আসামির মধ্যে গ্রেপ্তার আছেন মাত্র সাত জন। সাত মাস পার হলেও এই ২০ আসামিকে গ্রেপ্তার করা হয়নি।

গত বছরের ১৮ অক্টোবর ঋণ জালিয়াতির কথা স্বীকার করে বিচারকের কাছে স্বীকারোক্তি দেন ঋণ কেলেঙ্কারির হোতা তানভীর আহম্মেদ।

রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের রূপসী বাংলা শাখা থেকে ভুয়া ঋণপত্র বা এলসির মাধ্যমে হল-মার্কের অর্থ আত্মসাতের ঘটনায় দুদকের ছয় সদস্যের অনুসন্ধান দলের সদস্যরা বাদী হয়ে গত বছরের ৪ অক্টোবর রমনা মডেল থানায় এসব মামলা করেন।

মামলায় এক হাজার ৫৬৮ কোটি ৪৯ লাখ ৩৪ হাজার ৮৭৭ টাকা আত্মসাৎ করার অভিযোগ আনা হয় আসামিদের বিরুদ্ধে।