শামীম হত্যা: আরো দুটি হত্যা মামলার আবেদন
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে শামীম রেজা হত্যার ঘটনায় থানার ওসিসহ চার পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আরো দুটি হত্যা মামলার আবেদন হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে শামীমের স্ত্রী সাবিকুন নাহার বাদী হয়ে নারায়ণগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি আবেদন করেন।
অন্যদিকে শামীমের বাবা আলাউদ্দিন মিয়া আলাদা আরেকটি আবেদন করেন।
আদালতের বিচারক আফরোজা বেগম সাবিকুন নাহারের আবেদন আমলে নিয়ে আগামী ৩১ জুলাইয়ের মধ্যে শামীম রেজার মৃত্যুর ঘটনায় করা অপমৃত্যু মামলার তদন্ত প্রতিবেদন আদালতে জমা দেয়ার নির্দেশ দেন।
ওই প্রতিবেদন পেয়ে আদালত পরবর্তী আদেশ দেবেন বলে জানিয়েছেন সাবিকুন নাহারের আইনজীবী এম এ হাশেম।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মামলায় আসামি করা হয়েছে সোনারগাঁও থানার ওসি আতিকুর রহমান, পরিদর্শক (তদন্ত) অরূপ তরফদার, উপ-পরিদর্শক (এসআই) পল্টু ঘোষ ও নারায়ণগঞ্জ জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (সার্কেল খ) উত্তম প্রসাদ প্রকাশ।
আলাউদ্দিন মিয়ার আবেদন রোববার শুনানির জন্য রেখেছেন বিচারক।
গত ১৪ মে শামীমকে আটক করার পর টাকা চায় পুলিশ। টাকা নেয়ায় শামীমকে নির্যাতন করা হয় বলে অভিযোগ স্বজনদের।
২২ মে চিকিত্সাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান শামীম।
