নির্বাচন: বিজিবি নেমেছে রাজশাহীতে
রাজশাহী সিটি করপোরেশন নির্বাচন সামনে রেখে নির্বাচনী এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়েছে। অস্থায়ী চেকপোস্ট বসিয়ে চলছে পুলিশি তল্লাশিও।
রিটার্নিং কর্মকর্তা সুভাষ চন্দ্র সরকার বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় সকাল থেকে পাঁচ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।
এছাড়া স্ট্রাইকিং ফোর্স হিসাবে পুলিশ, এপিবিএন, আনসার ও র্যাব সদস্যরা কাজ করছেন বলেও জানান তিনি।
নির্বাচনের সার্বিক পরিস্থিতিতে সন্তোষ প্রকাশ করে রিটার্নিং কর্মকর্তা বলেন, “প্রার্থীদের যেসব অভিযোগ ছিল সেগুলোর বিষয়ে ব্যবস্থা নেয়া হয়েছে। আশা করছি, শান্তিপূর্ণ পরিবেশেই নির্বাচন হবে।”
এদিকে নাগরিক কমিটি সমর্থিত প্রার্থী এ এইচ এম খায়রুজ্জামান লিটনের পক্ষে বেলা ১২টায় রাজশাহী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন মুক্তিযোদ্ধারা।
ওই সংবাদ সম্মেলন থেকে নাগরিক ফোরামের প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুলের পরিবারের বিরুদ্ধে ‘স্বাধীনতাবিরোধীদের সঙ্গে সপৃক্ততার’ অভিযোগ আনা হয়।
তবে একে ‘অপপ্রচার’ দাবি করে বুলবুলের নির্বাচন সমন্বয় কমিটির দপ্তর বিষয়ক সদস্য সচিব মাসুদুল হাসান খান মুক্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সব মুক্তিযোদ্ধারা তো আর আওয়ামী লীগ করে না। এটা উদ্দেশ্যপ্রণোদিত।”
বৃহস্পতিবার সকাল থেকে নগরীর শালবাগান এলাকায় বুলবুল প্রচারণা শুরু করেন জানিয়ে মুক্তা বলেন, “কেন্দ্রীয় নেতা এমকে আনোয়ার এবং রুহুল কবির বিজভীও নগরীর সাধুর মোড় থেকে বুলবুলের পক্ষে প্রচার চালাচ্ছেন।”
শনিবার ভোট সামনে রেখে বৃহস্পতিবার রাত ১২টায় প্রার্থীদের প্রচার শেষ হচ্ছে।
সহকারী রিটার্নিং কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, রাজশাহীতে এবার সরকারি ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়, লক্ষীপুর বহুমূখী উচ্চ বিদ্যালয় এবং টিচার্স ট্রেনিং কলেজ কেন্দ্র ইভিএমে ভোট হবে।
শুক্রবার সকাল ১০টা থেকে নির্বচানী কেন্দ্রে ব্যাটল বাক্স, ইভিএম মেশিনসহ আনুষঙ্গিক জিনিসপত্র পাঠানো শুরু হবে।
রাজশাহী সিটি করপোরেশনের নতুন মেয়র নির্বাচনে এবার ২ লাখ ৮৬ হাজার ৯২৭ জন ভোটার ভোট দেবেন।
