বিরোধী পক্ষে সন্ত্রাসী, জীবন নিয়ে শঙ্কায় আছি: কামরান
প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পক্ষে অনেক ‘সন্ত্রাসী’ আছে অভিযোগ তুলে জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন সিলেটের মেয়রপ্রার্থী বদরউদ্দিন আহমদ কামরান।
বৃহস্পতিবার কাজীরবাজারে নিজের প্রধান নির্বাচনী প্রচার কার্যালয়ে সংবাদ সম্মেলন করে শঙ্কার কথা জানান সরকারি দল সমর্থিত এই মেয়র প্রার্থী।
আগের দিন বিরোধী দল সমর্থিত মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরীর পক্ষে প্রচারে এসে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন কামরানের বিরুদ্ধে বাইরে থেকে সন্ত্রাসী জড়ো করা এবং কালো টাকা ছড়ানোর অভিযোগ করেন।
তার ওই বক্তব্যের প্রতিক্রিয়ায় সংবাদ সম্মেলন করেন কামরান।
তিনি বলেন, “বরিশালে একটি ঘটনা ঘটেছে। সেটি একটি শঙ্কার বিষয়। এখানে আমাদের বিপরীত পক্ষ সন্ত্রাসীদের লালন করেন। তাদের হাতে যথেষ্ট পরিমাণ সন্ত্রাসী রয়েছে। এটা আমাদের চিন্তিত করেছে।”
এর আগে তার ওপর দুইবার আর্জেস গ্রেনেড চার্জ করা হয়েছিল জানিয়ে তিনি বলেন, “এখনো যে কোনো সময় এটা হতে পারে। আমি আমার জীবন নিয়ে শঙ্কায় রয়েছি।”
এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার এফএম রোকনউদ্দিন বলেন, “তারা যা বলছেন, এটা তাদের মতামত। আমাদের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তার ব্যবস্থা নেয়া হয়েছে।”
নগরীর প্রতিটি হোটেল-রেস্তোরাঁসহ সব জায়গায় পর্যাপ্ত নজরদারি রয়েছে বলেও জানান তিনি।
খন্দকার মোশাররফের অভিযোগ নাকচ করে কামরান বলেন, “উনি আমার বিরুদ্ধে বাইরে থেকে সন্ত্রাসী নিয়ে আসা ও কালো টাকার ছড়ানো অভিযোগ করেছেন। আমি বলতে চাই, সন্ত্রাসীদেরকে আমি মনে প্রাণে ঘৃণা করি। নির্বাচিত হলে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে জনমত গঠন করে সন্ত্রাসীদের প্রতিরোধ করবো।”
কালো টাকা ছড়ানোর অভিযোগ প্রত্যাখ্যান করে সদ্য বিদায়ী এই মেয়র বলেন, “আমাদের নির্বাচনী এই কার্যালয়ে আমরা একটা চা পর্যন্ত খাওয়াচ্ছি না।”
“সন্ত্রাসী আনা ও কালো টাকা ছড়ানোর অভিযোগ প্রমাণ করতে পারলে যা শাস্তি দিবেন তা মেনে নেবো। আমি বিশ্বাস করি, টাকা দিয়ে জনগণের বিবেককে কেনা যায় না।”
ক্ষমতাসীন দল সমর্থিত এই প্রার্থী নির্বাচন কমিশনকে আরো তৎপর হওয়ার অনুরোধ জানান।
তিনি বলেন, “আমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ করা হলেই কমিশন আমাদের চিঠি দেয়। কিন্তু আমরা কোনো অভিযোগ করলে সে রকম ব্যবস্থা নেয় না।”
এর একটি দৃষ্টান্ত তুলে ধরে কামরান বলেন, “প্রতিপক্ষের লোকজন করিমুল্লাহ মার্কেটের সামনে সমাবেশ করেছে। আমরা অভিযোগ করার পর ইসি তাদের কোনো চিঠি না দিয়ে বা সতর্ক না করে বলেছে, তারাতো করে ফেলেছে। আপনারা করবেন না।”
তার কর্মীদের হুমকি দেয়া হচ্ছে বলেও অভিযোগ করেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী।
তিনি বলেন, “এই নগরীর প্রতিটি পাড়া মহল্লায়, অলিতে গলিতে আমার যথেষ্ট পোস্টার- ব্যানার ছিলো। পোস্টারগুলো ছিড়ে ফেলা হয়েছে। ব্যানার কেটে ফেলা হয়েছে। যারা মাইকিং করছে তাদের হুমকি-ধমকি দেয়া হচ্ছে।”
কামরানের প্রধান নির্বাচনী এজেন্ট ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মেসবাহ উদ্দিন সিরাজ বলেন, বর্তমান সরকারের আমলে অনেক নির্বাচন হয়েছে।
“কোথাও আমরা জিতেছি, কোথাও অন্যরা জিতেছে। আমাদের বিরুদ্ধে নির্বাচন বানচালের কোনো অভিযোগ উঠেনি। সরকারি দলে থেকেও আমরা নির্বাচনে কোনো সুবিধা নেয়ার চেষ্টা করিনি।”
