১০ ট্রাক অস্ত্র: তদন্ত কর্মকর্তাকে দিনভর জেরা
অষ্টম দিনের মতো ১০ ট্রাক অস্ত্র মামলার তদন্ত কর্মকর্তাকে জেরা করেছেন আসামি পক্ষের আইনজীবীরা।
বুধবার চট্টগ্রাম জেলা ও দায়রা জজ এবং বিশেষ ট্রাইব্যনাল-১ এর বিচারক এস এম মজিবুর রহমানের আদালতে তদন্ত কর্মকর্তা মনিরুজ্জামান চৌধুরীকে দিনভর জেরা করা হয়।
দিনের শুরুতে আসামি সিইউএফএল’র তৎকালীন মহাব্যবস্থাপক মহসিন উদ্দিন তালুকদার পক্ষে অসমাপ্ত জেরা শেষ করেন আইনজীবী ফজলুল করিম ভূঁইয়া।
এরপর তাকে একে একে জেরা করেন পলাতক আসামি ও সাবেক শিল্প সচিব নূরুল আমিনের পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী বিশ্বজিৎ দাশ, সাবেক শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামীর পক্ষে মনজুর আহমেদ আনছারী ও দ্বীন মোহাম্মদের পক্ষে আইনজীবী আবু তারেক।
দুপুর একটায় শুরু হয়ে মাঝে এক ঘণ্টার মধ্যাহ্ন বিরতিসহ জেরা চলে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত।
জেরা শেষে আদালত বৃহস্পতিবার সকাল পর্যন্ত কার্যক্রম মুলতবি করেন।
আইও মনিরুজ্জামান বর্তমানে সিআইডি চট্টগ্রাম অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত রয়েছেন।
জেরা শুরুর আগে কঠোর নিরাপত্তার মধ্যে সাবেক শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ অন্যান্য আসামিদের আদালতে আনা হয়।
২০০৪ সালের ১ এপ্রিল গভীর রাতে সিইউএফএলের সংরক্ষিত জেটিঘাটে ১০ ট্রাক সমপরিমাণ অস্ত্র ও গোলাবারুদ আটক করে পুুলিশ।
