কল্পনা চাকমা অপহরণ: তদন্ত ও বিচার দাবি
পার্বত্য চট্টগ্রাম হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কল্পনা চাকমা অপহরণের ‘বিশ্বাসযোগ্য তদন্ত’ ও দোষীদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে কয়েকটি সংগঠন।
এতে বান্দবানের বিভিন্ন স্কুল-কলেজের কয়েকশ’ শিক্ষার্থীও অংশ নেয়।
মানববন্ধনে বক্তব্য দেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির বান্দরবান জেলা সাধারণ সম্পাদক ক্যবামং, পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতির সভানেত্রী ওয়াই চিং ফ্রু প্রমুখ।
বক্তারা বলেন, অপহরণের ১৭ বছর পার হলেও কল্পনা চাকমার খোঁজ মেলেনি।
আদিবাসীদের অধিকার আদায় আন্দোলনের নেত্রী কল্পনা চাকমাকে অপহরণের সঙ্গে জড়িত কাউকে আইনের আওতায় আনা হয়নি বলে তারা অভিযোগ করেন।
এ ঘটনার নিরপেক্ষ তদন্ত হয়নি বলেও অভিযোগ তাদের।
এর বিশ্বাসযোগ্য তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান বক্তারা।
১৯৯৬ সালে ১২ জুন রাত ৩টায় খাগড়াছড়ি জেলার বাঘাইছড়ি উপজেলায় লাইল্যাঘোনা পাড়ার নিজ বাড়ি থেকে অপহৃত হন কল্পনা চাকমা।
