পাবনায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত
পাবনার ঈশ্বরদীতে ট্রাক ও নসিমনের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। আহত হন অন্তত আটজন।
ঈশ্বরদী থানার ওসি বিমান কুমার দাস জানান, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে পাবনা-ঈশ্বরদী সড়কের কালিকাপুরে এ দুর্ঘটনা ঘটে। হতাহতরা সবাই নসিমনের যাত্রী।
নিহত নাজমুল হোসেন (২৮) কুষ্টিয়ার মিরপুর উপজেলার আব্দুল করিমের ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি বিমান জানান, মালবোঝাই ট্রাকটি পাবনা থেকে ঈশ্বরদী যাচ্ছিল। কালিকাপুরে বিপরীতমুখী নসিমনের সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়।
আহতদের মধ্যে আনোয়ার হোসেন ও সাইদুল ইসলামকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।
দুর্ঘটনার জন্য দায়ী ট্রাকটি নিয়ে চালক পালিয়ে গেছে।
