২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোলের আ. লীগ নেতা ঢাকায় নিখোঁজ

যশোরের বেনাপোলের এক আওয়ামী লীগ নেতা ১৫ দিন আগে ঢাকায় গিয়ে নিখোঁজ হয়েছেন বলে স্বজনরা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2013, 06:08 AM

Updated : 23 Aug 2022, 10:58 AM

এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় একটি সাধারণ ডাযেরি (জিডি) হয়েছে বলে পুলিশ জানায়।

নিখোঁজ আলী আকবার (৫০) বেনাপোল পোর্ট থানার বাহাদুরপুর ইউনিয়ন আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও সীমান্তবর্তী রঘুরাথপুর গ্রামের বাসিন্দা।

পরিবারের সদস্যরা জানান, সর্বশেষ গত ২৮ মে তিনি ঢাকার গাবতলী এলাকার হোটেল শাহ আলীতে ছিলেন। এরপর থেকে যোগাযোগ বিচ্ছিন্ন।

আলী আকবারের ছেলে নাজমুল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ২৭ মে আলী আকবার বাড়ি থেকে ঢাকা যান। পরদিন (২৮ মে) সন্ধ্যায় তিনি তার মোবাইল ফোন (০১৯৮১-৭৯৯২৫৫) থেকে ছেলের সঙ্গে কথা বলেন।

ওই সময় তিনি গাবতলীর শাহ আলী হোটেলে ছিলেন বলে জানান।

নাজমুল হোসেন বলেন, “এর একঘণ্টা পর থেকে তার সঙ্গে আর যোগাযোগ করা যায়নি। তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যাচ্ছে।”

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি আরো বলেন, “আমরা শুনেছিলাম র‌্যাব তাকে আটক করে থানায় দিয়েছে। পরে র‌্যাব ও পুলিশের সঙ্গে যোগাযোগ করে জানতে পেরেছি তারা আটক করেনি।”

ঢাকার কোনো থানায় তার সন্ধান পাওয়া যায়নি বলে নাজমুল জানান।

এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানার ওসি মিজানুর রহমান খান বলেন, “এ ঘটনায় থানায় জিডি (নম্বর-২১৮) হয়েছে। সকল থানাকে আমরা ম্যাসেজ দিয়ে জানিয়েছি।”  

আলী আকবারের স্বজনরা জানান, এ আগে তার ভাই ইউপি সদস্য নুর ইসলামকে ১৯৯৮ সালের ২৪ ডিসেম্বর গুলি করে এবং ২০০৪ সালের ২৪ অক্টোবর তার ভাইপো মশিয়ার রহমানকে ব্রাশ ফায়ারে হত্যা করে সন্ত্রাসীরা।