এসিড নিক্ষেপ: আপিলে মৃত্যুদণ্ড ঠেকলো আকরামুলের
এসিড নিক্ষেপের এক মামলায় নিম্ন আদালতের দেয়া ফাঁসির রায়ের বিরুদ্ধে আপিল করে যাবজ্জীবন সাজার রায় পেয়েছেন এক আসামি।
মঙ্গলবার হাই কোর্টের বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. ইমদাদুল হক আজাদের বেঞ্চ এই রায় দেয়।
আদালতে আসামি পক্ষে সৈয়দ মাহমুদুল আহসান শুনানি করেন। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।
বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় ২০০১ সালের ২৮ এপ্রিল ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার সেরাইল এলাকায় এক তরুণীর ওপর ছোড়েন আকরামুল নামের এক যুবক। এতে তরুণীর মুখ ও শরীরের বিভিন্ন স্থানে ঝলসে যায়।
এই ঘটনায় ওই বছরের ১ মে তরুণীর বাবা বাদি হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে পীরগঞ্জ থানায় একটি মামলা করেন। মামলায় আকরামুল ও তার সহযোগী মিজানুর রহমানকে আসামি করা হয়।
সাত বছর পর ২০০৮ সালের ৪ মে বিচারিক আদালত ইকরামুলকে ফাঁসির দণ্ড এবং মিজানুর রহমানকে খালাস দিয়ে রায় দেয়।
এরপর মৃত্যুদণ্ড নিশ্চিতকরণের জন্য বিষয়টি হাই কোর্টে আসে, ইকরামুল জেল আপিল করেন।
এ দুটি বিষয়ের চূড়ান্ত শুনানি শেষে মঙ্গলবার হাই কোর্টের ওই বেঞ্চ এ রায় ঘোষণা করে বলে জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।
